কিউবায় বেসরকারি পাইকারি বাজার চালু হচ্ছে
কিউবায় আগামী ১ জুলাই থেকে বেসরকারি উদ্যোগে কৃষিপণ্যের পাইকারি বাজার চালু হচ্ছে।কিউবান টেলিভিশনের এক প্রতিবেদনে গত শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৃষিবিষয়ক নতুন বাণিজ্যব্যবস্থার অংশ হিসেবে হাভানা, আর্তেমিসা ও মায়াবিক প্রদেশে চালু করা হবে এই পাইকারি বাজার।’ প্রসঙ্গত, হাভানা কিউবার রাজধানী। এসব বাজার পরিচালিত হবে বেসরকারি সমবায়ী উদ্যোগের মাধ্যমে। আর দাম নির্ধারিত হবে পণ্যের চাহিদা ও সরবরাহ আইনের আলোকে, সরকারের নির্দেশনায় নয়। খবর বাসস ও সিনহুয়ার।সমাজতান্ত্রিক বিপ্লবের পরে ১৯৬৩ সালে কিউবা সরকার সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপের পর এটিই হচ্ছে কিউবায় এ ধরনের প্রথম উদ্যোগ।প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো ২০০৮ সাল থেকে ধীরে ধীরে সীমিত পরিসরে মুক্তবাজার ব্যবস্থা চালুর উদ্যোগ নেন। সেটির অংশ হিসেবেই পাইকারি বাজারব্যবস্থা চালু করা হচ্ছে। বেসরকারি খাতের সম্পৃক্ততায় পরিচালিত এই কার্যক্রমে চার লাখ লোক জড়িত হয়েছে। এ ছাড়া ইতিপূর্বে আরও এক লাখ ৭৪ হাজার লোক পাঁচ লাখ ২৩ হাজার হেক্টর পতিত জমিতে বেসরকারি চাষাবাদে নিয়োজিত রয়েছে।দেশে কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার দ্বীপাঞ্চলের ওই জমি বেসরকারি উদ্যোক্তাদের কাছে লিজ দেয়।কিউবার কৃষি খাতে স্বনিয়োজিত কৃষিশ্রমিকেরাও পাইকারি বাজার চালুর জন্য জোরালো দাবি জানিয়ে আসছেন, যেখানে রাষ্ট্র বা সরকারের নিয়ন্ত্রণ থাকবে না। তাঁদের দাবি এখন পূরণ হচ্ছে। ব্যয়বহুল খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে কিউবা সরকার সেই দেশের কৃষি খাতে উৎপাদন বাড়াতে চায়।ক্যারিবীয় অঞ্চলের এই ক্ষুদ্র দেশটির মোট খাদ্য চাহিদার ৮০ শতাংশই আমদানি করতে হয়। এ জন্য কিউবাকে প্রতিবছর মোট ব্যয় করতে হয় ১৫০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ।