কিছু অর্থ উদ্ধারের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের কিছুটা ফিলিপাইনের কর্তৃপক্ষ উদ্ধার করতে পারবে। দেশটির সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এমন আশা প্রকাশ করেছেন।

এসইসির চেয়ারম্যান তেরেসিটা হারবোসার উদ্ধৃতির বরাত দিয়ে আজ সোমবার এবিএস-সিবিএন নিউজ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তেরেসিতা হারবোসা দেশটির অর্থপাচারবিরোধী কাউন্সিলের (এএমএলসি) একজন সদস্য। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, কোনো-না-কোনোভাবে ওই অর্থের কিছুটা উদ্ধার হবে।’

অর্থপাচারের অভিযোগে তদন্তের বিষয়ে এসইসির ওই কর্মকর্তা কোনো কথা বলেননি। তিনি বলেন, এ বিষয়ে মঙ্গলবার সিনেটে শুনানির তারিখ ধার্য রয়েছে। আগাম কিছু বলতে চান না তিনি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে গচ্ছিত বাংলাদেশের রিজার্ভের মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে চলে যায়।

এর মধ্যে শ্রীলঙ্কায় গেছে দুই কোটি ডলার। তার মধ্য থেকে ১ কোটি ৯৯ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

ফিলিপাইনে যাওয়া মোট ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলারের মধ্যে ৬৮ হাজার ডলারের হদিস মিলেছে। অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে জব্দ হওয়া ছয়টি ব্যাংক হিসাবে এ অর্থ রয়েছে বলে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে।

ফিলিপাইনে স্থানান্তরিত অর্থের মধ্যে ৪ কোটি ৬০ লাখ ডলার দেশটির ক্যাসিনোতে ঢুকেছে বলে বলা হচ্ছে। দেশটির বিনোদন কেন্দ্র ও ক্যাসিনো নিয়ন্ত্রণকারী রাষ্ট্রীয় সংস্থা ফিলিপাইন অ্যামিউজমেন্ট গেমিং করপোরেশন (পিএজিসি) এমন তথ্য দিয়েছে।