কিছু কারখানার শ্রমিকেরা সময়মতো মজুরি পান না
তৈরি পোশাকশিল্পের কিছু কারখানার শ্রমিকেরা সরকারনির্ধারিত সময়সীমার মধ্যে মজুরি পাচ্ছেন না। এ কারণে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। প্রতি মাসেই মালিকেরা বিভিন্ন অজুহাতে শ্রমিকদের পাওনাদি পরিশোধে দেরি করায় এমনটি হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাসিক বিশেষ প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনটি সম্প্রতি স্বরাষ্ট্র, বাণিজ্য ও শ্রমসচিব বরাবর পাঠিয়ে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিবেদনে বলা হয়েছে, পোশাকশ্রমিকদের বেতন-ভাতা প্রতি মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা। তবে গত বছরের নভেম্বর মাসের বেতন-ভাতা ১৫ ডিসেম্বরের মধ্যেও পরিশোধ করতে পারেনি এমন কারখানার সংখ্যা ১০৪টি। এর মধ্যে ছয়টি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।
প্রতিবেদনটির সূত্র ধরে একাধিক শ্রমিক সংগঠনের নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিজিএমইএ নেতারা তৎপরতা চালিয়ে ৭ তারিখের পরিবর্তে ১০ তারিখের মধ্যে মজুরি পরিশোধের সময়সীমা নির্ধারণ করেছেন। এর পরও কমবেশি ২০ শতাংশ কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে মজুরি পরিশোধ করে না। এর মধ্যে ঠিকায় কাজ (সাব-কন্ট্রাক্টিং) করা কারখানার সংখ্যাই বেশি।
কাগজে-কলমে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ৪ হাজার ২২২ সদস্য কারখানা আছে। আর শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে, দেশে পোশাক কারখানার সংখ্যা ৩ হাজার ৭৪১। এই দুই তথ্যের ভিত্তিতে হিসাব (২০ শতাংশ ধরে) করলে সাড়ে সাত শ থেকে সাড়ে আট শ কারখানার শ্রমিকেরা প্রত্যেক মাসের নির্ধারিত সময়ে মজুরি ও ভাতা বুঝে পান না।
জানতে চাইলে গার্মেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, আগের চেয়ে এখন পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। কমপ্লায়েন্ট কারখানাগুলো সময়মতো মজুরি দিচ্ছে। তবে ছোট ও ঠিকায় কাজ করে এমন কারখানার মালিকদের কেউ কেউ মাসের ২০–৩০ তারিখেও মজুরি দেন।
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘সময়মতো মজুরি না পেলে শ্রমিকেরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বাড়িওয়ালা ও মুদি দোকানের মালিকেরা প্রতিনিয়ত তাঁদের চাপ দেন ও অপমান করেন। এ জন্যই শ্রমিকেরা প্রতিবাদী হয়ে ওঠেন, অসন্তোষের ঘটনা ঘটে।’ এ বিষয়ে মালিকদের আরও সচেতন হওয়া ও বিজিএমইএর নজরদারি বাড়ানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
ডিসেম্বরে সময়মতো মজুরি না দেওয়া ১০৪ কারখানার নাম-ঠিকানা উল্লেখ করা আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনে। এর মধ্যে নারায়ণগঞ্জের ৪৩, আশুলিয়ার ১৪, দক্ষিণখানের ৯, টঙ্গীর ৭, সাভারের ২, পল্লবীর ৩, সবুজবাগের ১৪, মিরপুরের ৪, বাড্ডার ৩ এবং সূত্রাপুর, তেজগাঁও, খিলক্ষেত, নিউমার্কেট ও কোতোয়ািল এলাকার একটি করে কারখানা আছে। এ কারখানাগুলোতে কাজ করেন প্রায় ৩৫ হাজার শ্রমিক। যদিও ১১ কারখানার শ্রমিকসংখ্যা পাওয়া যায়নি। এসব কারখানার মধ্যে সময়মতো মজুরি পরিশোধ না হওয়া এবং প্রশাসনিক ও ছাঁটাইয়ের কারণে ছয়টিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ‘পোশাকশিল্পে প্রায় প্রতি মাসে কিছু মালিক যথাসময়ে বেতন-ভাতা পরিশোধ করতে ব্যর্থ হন। এ অবস্থায় অনেক সময় কোনো নোটিশ ছাড়াই কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দেয়। এ জন্য বেকার শ্রমিকেরা কাজের দাবিসহ বকেয়া বেতন-ভাতার দাবিতে তৎপর হয়ে ওঠেন; যা পরবর্তী সময়ে শ্রমিক অসন্তোষে রূপ নেয়।’ এতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত ও যথাসময়ে পরিশোধ করতে পোশাকশিল্পের মালিকদের আরও উদ্যোগী হওয়া এবং বিভিন্ন কারণে বন্ধ হওয়া কারখানা চালুর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
বিজিএমইএর সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম বলেন, ‘পোশাক কারখানার মালিকেরা এখন সময়মতোই মজুরি পরিশোধের চেষ্টা করেন। আর যাঁরা এক-দুই দিন দেরি করেন, তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সমঝোতা করে নেন।’ তিনি দাবি করে বলেন, গত কয়েক মাসে এ বিষয়ে কোনো সমস্যা হয়নি।