কিছু বিধিনিষেধ বাতিল চান ব্যাংক উদ্যোক্তারা
পরিচালক হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র নিতে চান না বেসরকারি ব্যাংকের উদ্যোক্তারা। অন্যদিকে ব্যাংকের পরিচালক পদে তাঁরা আজীবন থাকতে চান। কিন্তু উভয় ক্ষেত্রেই তাঁদের জন্য বাধা হলো বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন। সে জন্য এ আইনেরই সংশোধন চান তাঁরা।
সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এমন দাবি জানায়।
বিএবি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন। আর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সংগঠন হচ্ছে এবিবি। অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও এবিবির সভাপতি আনিস এ খান নেতৃত্ব দেন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের পরিচালকেরা টানা দুই মেয়াদে ছয় বছর পরিচালক থাকতে পারেন। মাঝখানে বিরতি দিয়ে পরে আবার তাঁরা পরিচালক পদে আসতে পারেন। কিন্তু তাঁরা (উদ্যোক্তা) বলছেন, ‘বিভিন্ন দেশে উদ্যোক্তারা আজীবন ব্যাংকের পরিচালক থাকেন। ছয় বছর পর বিদায় করে দেবেন?’
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তিপত্র নেওয়ার ক্ষেত্রে বর্তমান আইনে আমরা ব্যাংকের পরিচালক ও এমডিদের সমান করে ফেলেছি। পরিচালকেরা বলছেন, মালিক ও শেয়ারহোল্ডাররা তাঁদের নির্বাচিত করেন। তাঁদের কেন বাংলাদেশ ব্যাংক থেকে অনাপত্তিপত্র নিতে হবে?’
বিএবি ও এবিবি শ্রম আইন অনুযায়ী শ্রমিককল্যাণ তহবিলে মুনাফার অংশ জমা দেওয়ারও বিরোধী বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, পরিবারের সংজ্ঞার তাঁরা বদল চান।
অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকের শ্রমিক কারা—এ বিষয়ে তাঁরা একটা নির্দেশনা চান। আর এটা ঠিক যে পরিবারের সংজ্ঞা একেক জায়গায় একেক রকম। আমিও চাই পরিবারের সংজ্ঞা একই রকম হোক।’
দাবির বিষয়ে সরকারের অবস্থান নিজে থেকে জানাননি অর্থমন্ত্রী। সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো আইনের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। কথা বলতে হবে আইনমন্ত্রীর সঙ্গেও।’
তবে পরিচালকদের টানা দুই মেয়াদেরও বেশি থাকার পক্ষে কিছু করা যায় কি না, চেষ্টা করে দেখবেন বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘তিন মেয়াদ বা চার মেয়াদ কিছুই বলি না। কীভাবে করব তারও ঠিক নেই। তবে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত পরিচালক থাকার মতো কিছু করা যেতে পারে।’
আজীবন পরিচালক থাকা যায় বলে বিএবির নেতারা যুক্তরাষ্ট্রের জেপি মর্গান ও এআইজি নামক দুটি কোম্পানির উদাহরণ দেন অর্থমন্ত্রীর কাছে।
তবে আমানতকারীদের আমানতের অর্থের সুরক্ষার জন্য পরিচালকদের টানা দুই মেয়াদের শর্ত রাখা হয়েছে আইনে। আইন প্রণয়নের আগে এমন দর্শন বিবেচনায় রাখা হয় বলে জানান অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। ভারতসহ বিশ্বের বেশির ভাগ দেশে এমন নিয়মই রয়েছে বলে তাঁরা জানান।
বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, কয়েক দিন আগে একটা পত্রিকায় দেখা গেল ‘আজীবন পরিচালক থাকতে চান ব্যাংকের পরিচালকেরা’ নামে একটা প্রতিবেদন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মিথ্যে কথা লেখা হয়েছে। আর আজীবন কথাটা খারাপ ভাষা (ব্যাড ল্যাঙ্গুয়েজ)।’
গত ১৫ মে অর্থমন্ত্রীর কাছে নজরুল ইসলাম মজুমদার স্বাক্ষরিত আবেদন বিশ্লেষণ করলে বোঝা যায়, আজীবন পরিচালক থাকার কথাই এতে উঠে আসে। আবেদনে মোট ১৩টি দাবি ছিল।
শ্রমিককল্যাণ তহবিলে ব্যাংকগুলোর মুনাফার অংশ জমা না হওয়ার বিষয়ে জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শ্রম আইন অনুযায়ী মুনাফা হলেই ব্যাংকগুলোকে এর অংশ শ্রমিককল্যাণ তহবিলে দিতে হবে। এ নিয়ে তাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে তারা নিজেরাই যেন আইন মানার একটা পথ খুঁজে বের করে।’