সরকারি মালিকানাধীন কোম্পানি ও সংস্থাগুলোর শেয়ার বাজারে ছাড়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অযৌক্তিকভাবে কালক্ষেপণ করছে। শেয়ার ছাড়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে বারবার সময় বাড়ানোর অনুরোধ করছে তারা। কোনো কোনো মন্ত্রণালয় আবার শেয়ার ছাড়ার বিষয়ে অনীহার কথাও জানিয়েছে। বেশ কয়েক বছর ধরেই সরকারি শেয়ার ছাড়ার কার্যক্রমে সন্তোষজনক অগ্রগতি দেখা যাচ্ছে না। এসব বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপনের জন্য একটি সারসংক্ষেপ তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। সূত্র জানায়, আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে। সঙ্গে থাকছে কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়ার বিষয়ে মন্ত্রণালয়গুলোর অবস্থান এবং সর্বশেষ বাস্তবায়নের অগ্রগতির চিত্র। সারসংক্ষেপে আরও বলা হয়েছে, ‘পুঁজিবাজারে ভালো সিকিউরিটিজের সরবরাহ বাড়াতে সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার কোনো বিকল্প নেই। অর্থনীতির ভিতকে স্বচ্ছ, মজবুত ও গতিশীল এবং বর্তমান অবস্থা অব্যাহত রাখতেও এই শেয়ার ছাড়ার দরকার। চলতি বছর ডিসেম্বরের মধ্যে শেয়ার ছাড়ার উদ্যোগ নেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোকে আবারও নির্দেশ দেওয়া যেতে পারে।’ শিল্প মন্ত্রণালয় যে সম্ভাব্য শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে ওই মন্ত্রণালয়ের আওতাভুক্ত কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আসতে দিতে চাইছে না, তাও উল্লেখ করা হয়েছে সারসংক্ষেপে। এতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতুর ভবিষ্যৎ টোল আয়ের বিপরীতে বন্ড ছাড়া বা সিকিউরিটাইজেশনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। কালক্ষেপণ করা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো—জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়। জানা গেছে, আলোচিত ২৬টি সরকারি মালিকানাধীন কোম্পানি ও প্রতিষ্ঠানের মধ্যে নয়টিই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাভুক্ত। আর দুটি বিদ্যুৎ বিভাগের। বাকি ১৫টি উল্লিখিত ছয় মন্ত্রণালয়ের অধীন।গত ১৩ জানুয়ারি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে ছয় মাসের সময় দিয়ে তাদের বাজারে শেয়ার ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছিল। এ সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই তা পারেনি। গত সোমবার রাতে বিষয়টি স্বীকার করে অর্থমন্ত্রী জানান, ‘কাজটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি আমরা।’