কিছু সবজির রপ্তানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান
রমজানে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন স্থিতিশীল থাকে, সে জন্য জরুরি ভিত্তিতে কয়েকটি পণ্যের রপ্তানি বন্ধ কিংবা নিয়ন্ত্রণ করতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠনটি যেসব পণ্য রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের কথা বলেছে, তার মধ্যে রয়েছে: কাঁচা মরিচ, বেগুন, শসা, রসুন, পেঁয়াজ ও আলু।এসব পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে গতকাল মঙ্গলবার বাণিজ্যসচিব গোলাম হোসেনের কাছে চিঠি পাঠিয়েছে এফবিসিসিআই। চিঠিতে বলা হয়, রোজায় নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হলে এসব পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য কয়েকটি পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ কিংবা বন্ধ করলে বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহ থাকবে। এটা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে।জানতে চাইলে এফবিসিসিআইয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সোমবার শ্যামবাজারে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার সময় জানতে পারি, কাঁচা মরিচ রপ্তানি হচ্ছে। সে কারণে পাইকারিতে প্রতি কেজি মরিচের দাম হয়ে গেছে ৬০ টাকা। অথচ, শুক্রবারও এক কেজি মরিচ বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। এভাবে চললে রমজানে মরিচের দাম বেড়ে যেতে পারে। অন্য সবজির ক্ষেত্রেও একই অবস্থা হতে পারে। বিষয়টি দেখার জন্যই বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।’রাজধানীর বড় পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল খোঁজ নিয়ে ভারতে কাঁচা মরিচ রপ্তানির তথ্য পাওয়া যায়। তবে এই বাজার থেকে অন্য কোনো সবজি রপ্তানি হচ্ছে না।শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতির সভাপতি মো. সাঈদ প্রথম আলোকে বলেন, ‘শ্যামবাজার থেকে শুধু কাঁচা মরিচ রপ্তানি হচ্ছে, অন্য কোনো সবজি রপ্তানি হচ্ছে না। কয়েকজন ব্যবসায়ী ভারতে কাঁচা মরিচ রপ্তানি করছেন।’জানা যায়, রপ্তানি শুরুর পরই শ্যামবাজারে কাঁচা মরিচের দাম বাড়তে শুরু করে। গতকাল প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৭০ টাকায়। গত শুক্রবারও এক কেজি মরিচ বিক্রি হয় ২৫ থেকে ৩০ টাকায়। আড়তদারেরা বলছেন, এভাবে রপ্তানি চলতে থাকলে পাইকারি বাজারে মরিচের দাম আরও বেড়ে যেতে পারে।উল্লেখ্য, রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে সরকার বাজার তদারকির উদ্যোগ নিয়েছে।