কিছুটা নেতিবাচক প্রভাব তো পড়বেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: তাজরীন ফ্যাশনসের দুর্ঘটনার পর কমপ্লায়েন্স (শ্রমিকদের কর্মপরিবেশ) নিয়ে আবার সমালোচনা হচ্ছে। অভিযোগ ওঠেছে, বিদেশি ক্রেতাদের দেখাতেই কারখানাগুলোকে ‘কমপ্লায়েন্ট’ হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে। এটা কেন?সিদ্দিকুর রহমান: এটা মোটেও সত্য না। আমাদের দেশের আইন অনুযায়ীই কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করা হচ্ছে। তবে এটা ঠিক যে, আমাদের অনেক কারখানা বিশ্বমানের, অনেক আবার নিম্নমানের। তা ছাড়া বেশির ভাগ পোশাক কারখানাই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। তাই শ্রমিকদের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণব্যবস্থা নিয়ে আমাদের অনেক কাজ করার আছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। প্রথম আলো: অগ্নিকাণ্ড হলে মালিকেরা কারখানার মধ্যম সারির কর্মকর্তাদের ঘাড়ে দোষ চাপান। তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনও তা-ই করেছেন। এভাবেই কি প্রকৃত দোষীদের আড়াল করা হয়? সিদ্দিকুর রহমান: আমরা কারখানা চালাই। দেশে-বিদেশে থাকতে হয়। তাই দৈনন্দিন কাজের জন্য মধ্যম সারির কর্মকর্তাদের ওপরই নির্ভর করতে হয়। কর্মকর্তারা হঠাৎ কোনো অঘটন ঘটালে মালিকদের কিছু করার থাকে না। তবে কারখানার প্রধান হিসেবে অবশ্যই মালিককে একধরনের দায় নিতে হবে।প্রথম আলো: প্রায় প্রতিটি কারখানার জানালার বাইরে গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়। আর সব ফটক তালাবদ্ধ থাকে। এর প্রতিকার কী? সিদ্দিকুর রহমান: নিরাপত্তার জন্য মালিকেরা গ্রিল দিতে বাধ্য হন। তবে অগ্নিকাণ্ডের সময় ফটক তালাবদ্ধ থাকার অভিযোগ আমরা পেয়েছি। এ জন্য শ্রমিক-মালিক উভয়কেই কাজ করতে হবে। সচেতন হতে হবে। নির্দিষ্ট কোনো ব্যক্তির কাছে বা ফটকসংলগ্ন কোনো স্থানে সব সময় চাবি রাখতে হবে যেন জরুরি মুহূর্তে সহজেই বের হওয়া যায়। প্রথম আলো: তাজরীনের অগ্নিকাণ্ড ও শ্রমিকের প্রাণহানির ঘটনায় পোশাকমালিকদের শীর্ষ সংগঠন হিসেবে বিজিএমইএ কি দায় এড়াতে পারে? সিদ্দিকুর রহমান: বিজিএমইএর কোনো দায় নেই। আমরা কারখানাগুলো তদারক করি ঠিকই, কিন্তু মালিক হঠাৎ কোনো ভুল করলে সেটির দায়িত্ব নিতে পারি না। যেমন, তাজরীনের মালিক হঠাৎ নিচতলায় গুদাম বানিয়ে ফেলেন; যার কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। তার পরও আমরা বিজিএমইএর পক্ষ থেকে দায়িত্ব নিয়েছি। কারণ, পোশাক রপ্তানিতে আজকের যে সাফল্য, তার প্রধান অংশীদার হচ্ছে আমাদের শ্রমিক ভাইবোনেরা। তাই নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়াসহ আহতদের চিকিৎসা ও চাকরির ব্যবস্থা করার চেষ্টা করছি। এ ছাড়া সমিতির নেতারা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত দু-তিনটি পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেবেন বলে নিশ্চিত করেছেন। প্রথম আলো: আপনারাই তো কারখানাটিকে (তাজরীন) লাইসেন্স দিয়েছিলেন?সিদ্দিকুর রহমান: সরকারি সব সংস্থার ছাড়পত্র পাওয়ার পরই পোশাক কারখানাগুলোকে বিজিএমইএ চূড়ান্তভাবে লাইসেন্স দেয়। তাজরীনের ক্ষেত্রেও সেটির ব্যতিক্রম হয়নি। তবে অনেক ক্ষেত্রে সাময়িকভাবে সেটি দেওয়া হয়, যেন কারখানাটি কাজ শুরু করতে পারে। পরবর্তী সময়ে সব শর্ত পূরণ করলে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়। অন্যথায় তা বাতিল করা হয়। প্রথম আলো: তাজরীনে এত বড় অগ্নিকাণ্ডের পর বিজিএমইএর পক্ষ থেকে কি শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে? সিদ্দিকুর রহমান: আমাদের ৪০ সদস্যের একটি তদারকি সেল আছে। সেলের প্রতিনিধিরা কারখানায় গিয়ে তদারকি করেন। তার পরও শিগগিরই একটি টাস্কফোর্স গঠন করা হবে। বিভিন্ন কারখানায় গিয়ে তদারকি করবেন টাস্কফোর্সের সদস্যরা। ভুলত্রুটি থাকলে মালিককে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এর মধ্যে সংশোধন না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে পোশাকপল্লি করা হলে অনেক সমস্যার সমাধান হবে। সেখানে সব নিরাপত্তাব্যবস্থাসহ শ্রমিকবান্ধব আধুনিক কারখানা নির্মাণ করা হবে। প্রথম আলো: এই অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এতে কি নেতিবাচক প্রভাব পড়বে?সিদ্দিকুর রহমান: কিছু নেতিবাচক প্রভাব তো পড়বেই। তবে ভাবমূর্তি পুনরুদ্ধারে মালিক-শ্রমিক থেকে শুরু করে সরকার, এমনকি গণমাধ্যমকেও কাজ করতে হবে।[সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার]