ইলিশ যতটা সস্তা ছিল, ততটা সস্তা এখন আর নেই। গত তিন দিনে দাম কিছুটা বেড়েছে। বাজারে এখন একেকটি ৮০০ গ্রামের কাছাকাছি ওজনের এক হালি ইলিশ কিনতে গেলে ৩ হাজার টাকার কাছাকাছি দাম দিতে হবে, যা কয়েক দিন আগেও একেকটি ৩০০ থেকে ৪০০ টাকার কমে পাওয়া যেত বলে জানিয়েছেন বিক্রেতারা।
রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তের সামনে সপ্তাহ দু-এক ধরে ইলিশ বিক্রির মেলা বসছে। আড়ত থেকে ইলিশ কিনে খুচরা বিক্রেতারা ফুটপাতে বসে বিক্রি করছেন। এমনকি আড়তের কর্মীরাও সেখানে ঝুড়িভর্তি ইলিশ নিয়ে বসছেন।
গতকাল শনিবার এক কেজির বেশি ওজনের বড় ইলিশের হালিপ্রতি দর চাওয়া হয়েছে ৫ থেকে ৭ হাজার টাকা। এক কেজির কিছুটা কম ওজনের ইলিশের হালিপ্রতি দর বিক্রেতারা সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা চাইছিলেন। আধা কেজি ওজনের একেকটি ইলিশ কেনা যাচ্ছিল ৩০০ টাকার কাছাকাছি দরে। সবচেয়ে ছোট (চারটিতে ১ কেজি) ইলিশের হালি মিলছিল ৬০০ টাকায়।
কারওয়ান বাজার আড়ত থেকে ইলিশ কিনে বিজিএমইএ ভবনের উল্টোদিকের ফুটপাতে বসে বিক্রি করছিলেন সুলতান হাওলাদার। একেকটি ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের হালিপ্রতি দাম তিনি ৩ হাজার ২০০ টাকা চাইছিলেন। তবে এই প্রতিবেদককে তিনি বলেন, ২ হাজার ৮০০ টাকা পেলে বিক্রি করবেন। তাঁর কেনা পড়েছে ২ হাজার ৬০০ টাকা।
দাম বেড়েছে কি না, জানতে চাইলে সুলতান হাওলাদার বলেন, কয়েক দিন আগে ইলিশ আরও সস্তা ছিল। এখন কিছুটা বেড়েছে। গতকাল তাঁকে মাঝারি আকারের ইলিশ কমপক্ষে ২০০ টাকা বেশি দরে কিনতে হয়েছে।
দাম বেড়েছে বলে দাবি করেন আরেক বিক্রেতা মান্নান সরদার। তিনি বলেন, কয়েক দিন আগে যে হারে ইলিশ আসত, এখন তারচেয়ে কিছুটা কম আসছে। পাশাপাশি মাংস থেকে স্বাদ বদলের জন্য মানুষ ইলিশ বেশি কিনছে। রেফ্রিজারেটর খালি হয়েছে বলে অনেকে বেশি করে কিনেও রাখছেন। এ সবই ইলিশের দাম বাড়ার কারণ। তিনি বলেন, আগামী মাসে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এর আগে যত পারেন কিনে রাখছেন।
বিক্রেতারা বলেন, এখন ইলিশ বেশি আসছে বরিশালের পাথরঘাটা ও চাঁদপুর থেকে। বরিশালের ইলিশের চেয়ে চাঁদপুরের পদ্মা নদীর ইলিশের দাম বেশি। কারওয়ান বাজার আড়তের বিক্রেতা মো. মুসা বলেন, আড়তে এক কেজি ওজনের চাঁদপুরের ইলিশ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়। বরিশালের ইলিশ মিলবে ১ হাজার টাকায়।
রাজধানীর হাতিরপুল ও সেগুনবাগিচা কাঁচাবাজারের বিক্রেতারাও ইলিশের দাম বাড়ার কথা জানান। তবে তাঁরা বলেন, অন্যান্য সময়ে যে দরে ইলিশ বিক্রি হয়, তার চেয়ে অনেক কম দরেই এখন বিক্রি হচ্ছে। ফলে দাম কিছুটা বাড়লেও ইলিশকে এখনো সস্তাই বলা যায়।
এদিকে বাজারে আদা ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে। বেড়েছে চিনির দাম। কারওয়ান বাজারের খুচরা দোকানে প্রতি কেজি আদা ৮০ থেকে ১২০ টাকা দরে মিলছে, যা ঈদুল আজহার আগে ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হতো। অন্যদিকে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ভারতীয় ২৫ টাকা ও দেশি পেঁয়াজ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে ৭০ থেকে ৭২ টাকায় উঠেছে।