কিশোরগঞ্জে জমে উঠেছে বিউটি পারলার ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে কিশোরী-তরুণী-গৃহিণীদের ভিড়ে কিশোরগঞ্জের বিউটি পারলারগুলো এখন বেশ জমজমাট। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব বিউটি পারলারে ভ্রু-প্ল্যাক, হেয়ার কাট, পার্টি মেকআপ, খোঁপার চুল সেটিং, ফেসিয়াল, ব্লিচ, স্টেট পাম্প, মেহেদি লাগানো, নাক-কান ফোঁড়ানোসহ ২০ থেকে ৩৫ আইটেমের কাজ হচ্ছে।একটি পারলারের কর্মী সেলিনা জাহান জানান, ঈদ সামনে রেখে তাঁদের হাতে এখন প্রচুর কাজ রয়েছে। তাঁরা ভ্রু-প্ল্যাকে ২৫ টাকা, স্টেপ কাটে ১০০, ইউ কাটে ৭০, পার্টি মেকআপে ২৮০, কেয়ার পালিশে ২০০ থেকে ৪০০, খোঁপায় ১০০ থেকে ৩০০, চুল সেটিংয়ে ৬০ থেকে ১৫০, ফেসিয়ালে ১২০ থেকে ৩০০, হাতে মেহেদি লাগাতে ২০ থেকে ১৫০, কান ফোঁড়াতে ৩০০ এবং নাক ফোঁড়াতে ২০০ টাকা নিচ্ছেন। গৃহিণী আঁখি আক্তার জানান, ঈদের সময় নিজেকে একটু পরিপাটি রাখতে এবং বাসায় করা যায় না বলে ভ্রু-প্ল্যাক ও চুল সেটিং করিয়েছেন পারলারে।অন্যরকম বিউটি পারলারের ব্যবস্থাপক সেলিনা ইয়াসমিনসহ আরও কয়েকজন জানান, এবার তাঁদের ব্যবসা ভালো চলছে। আঁচল বিউটি পারলারের মালিক মাহফুজা চৌধুরী জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিউটি পারলারগুলো মেয়েদের কর্মসংস্থানের প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে।জানা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরে বর্তমানে ২৫টিরও বেশি বিউটি পারলার রয়েছে। স্থানীয় শতাধিক শিক্ষিত নারী জড়িত রয়েছেন এ পেশায়।