কিশোরগঞ্জে মাসব্যাপী তাঁতমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শুক্রবার থেকে মাসব্যাপী তাঁতবস্ত্র মেলা শুরু হয়েছে।বাংলাদেশ তাঁত বোর্ডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন বোর্ডের অতিরিক্ত সচিব মোসলেহ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক হায়দার জাহান ফারাস ও মো. নুরে আলম সিদ্দিকী, জাতীয় তাঁত সমিতির কোষাধ্যক্ষ মো. হাসান আলী, মাহতাব উদ্দিন প্রমুখ। মেলায় বাংলাদেশ হ্যান্ডলুম কর্নার, রূপগঞ্জ টেক্সটাইল, রিজভী জামদানি উইভিং ফ্যাক্টরি, কুমিল্লা বিশুদ্ধ খদ্দর ভান্ডার, ঊষা জামদানি, ঈশা ফ্যাশনসহ দেশের বিভিন্ন স্থানের অর্ধশতাধিক তাঁতপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় রূপগঞ্জের জামদানি, রাজশাহীর সিল্ক, নরসিংদীর প্রিন্টের শাড়ি, টাঙ্গাইল শাড়ি, পাবনার সুতি শাড়ি ইত্যাদি প্রদর্শন ও বিক্রি হচ্ছে। সে সঙ্গে রয়েছে কুমিল্লা ও কুষ্টিয়ার খাদি কাপড়ের বিছানার চাদর এবং রুহিতপুরী লুঙ্গি।এ ছাড়া মেলায় নারী ও শিশুদের বিভিন্ন ধরনের সাজ-পোশাক, নানা রকম ডিজাইনের কাপড়, পাঞ্জাবি, টি-শার্ট ও ফতুয়া প্রদর্শন এবং বিক্রি করছে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান। মেলায় প্রথম দিন থেকেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।