কিশোরগঞ্জের বিউটি পারলারগুলোতে সাজের ব্যস্ততা
ঈদ এসে পড়ায় কিশোরগঞ্জের বিউটি পারলারগুলোতে ব্যস্ততা বেড়ে গেছে। কিশোরী-তরুণী-মহিলারা পরিপাটি সাজের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত পারলারগুলোতে ভিড় করছেন। তাঁরা পারলার থেকে ভ্রু-প্ল্যাক, হেয়ার কাট, পার্টি মেক-আপ, খোঁপার চুল সেটিং, ফেসিয়াল, ব্লিচ, বোলার, স্টেট পাম্প, নাক-কান ফোঁড়ানো, হাতে মেহেদি লাগানো প্রভৃতি কাজ করিয়ে নিচ্ছেন।
কিশোরগঞ্জ জেলা শহরে বর্তমানে ২৫টিরও বেশি বিউটি পারলার আছে।
জানা যায়, এখানকার প্রতিটি পারলারে ২০ থেকে ৩৫টি আইটেমের কাজ হচ্ছে। বিউটিশিয়ান বা রূপ বিশেষজ্ঞ সেলিনা জাহান প্রথম আলোকে জানান, ভ্রু-প্ল্যাক ২৫, চুলের স্টেপ কাট ১০০ ও ইউ কাট ৭০ টাকা; পার্টি মেকআপ ২৮০, কেয়ার পালিশ ২০০ থেকে ৪০০, খোঁপা ১০০ থেকে ৩০০, চুল সেটিং ৬০ থেকে ১৫০, ফেসিয়াল ১২০ থেকে ৩০০ এবং মেহেদি লাগানোয় ২০ থেকে ১৫০ টাকা নেওয়া হচ্ছে।
একটি পারলারে আলাপকালে গৃহিণী কামরুন্নাহার জানান, বাসায় ভ্রু-প্ল্যাক ও চুল সেটিংয়ের মতো সাজসজ্জার যেসব কাজ করা যায় না সেগুলো সারতেই পারলারে এসেছেন।
অন্যরকম বিউটি পারলারের ব্যবস্থাপক সেলিনা ইয়াসমিন কাকলীসহ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক কিংবা কর্মকর্তারা জানান, এবার ব্যবসা ভালো হচ্ছে।