কিস্তিতে স্মার্টফোন বেচবে গ্রামীণফোন
কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ডিজিটাল গ্যাজেট কেনার সুবিধা নিয়ে ই-কমার্স ওয়েবসাইট ‘জিপি শপ’ চালু করেছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ই-কমার্স ওয়েবসাইট চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জানানো হয়, জিপি শপ থেকে ক্রেতারা আইফোন, স্যামসাং, সিম্ফনি, শিয়াওমিসহ নয়টি ব্র্যান্ডের বিভিন্ন দামের স্মার্টফোন কিনতে পারবেন। স্মার্টফোনের মূল্য ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস কার্ড এবং বিকাশ, শিওরক্যাশ, মাইক্যাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। স্মার্টফোন গ্রাহকের হাতে পৌঁছাবে সর্বোচ্চ তিন দিনে। ডেলিভারি চার্জ ঢাকা শহরের মধ্যে ৮০ টাকা আর ঢাকার বাইরে ১৬০ টাকা। তবে আগামী কোরবানির ঈদ পর্যন্ত ডেলিভারি চার্জ নেওয়া হবে না বলে অনুষ্ঠানে জানানো হয়।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ই-কমার্সে মানুষের আস্থা তৈরি করতেই গ্রামীণফোনের এ উদ্যোগ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোন ই-কমার্স বিভাগের প্রধান মির্জা সালমান হোসেন বেগ।