কিয়োটো কনভেনশনের সদস্য হলো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক শুল্কায়ন পদ্ধতির ব্যবস্থা চালু করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য সম্প্রতি ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য সিম্পলিফিকেশন অ্যান্ড হারমোনাইজেশন অব কাস্টমস প্রসিডিউরের সদস্য হয়েছে বাংলাদেশ। এ কনভেনশন কিয়োটো কনভেনশন হিসেবে পরিচিত। এটি পরিচালনা করে বিশ্ব শুল্ক সংস্থা (ডব্লিউসিও)। এ কনভেনশনে সদস্য হওয়ার ফলে শুল্কায়ন পদ্ধতিতে বাংলাদেশ আন্তর্জাতিক মান রক্ষা করবে। আন্তর্জাতিক মান রক্ষায় এনবিআরকে নয়টি মানদণ্ড নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আগে চোরাচালানই বাণিজ্যের সবচেয়ে বড় বাধা ছিল। এখন বিশ্বব্যাপী বাণিজ্য ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে। এখন সবাই চায় সহজে ও নির্বিঘ্নে পণ্যের বাণিজ্য। এ কনভেনশন পরিপালন করলে আমদানি-রপ্তানিকারকেরা সবচেয়ে সুবিধা পাবেন। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং একদম কমে যাবে। শুল্কায়ন প্রক্রিয়া সহজ হবে।’তবে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে দেশের শুল্ক আইনের কিছু পরিবর্তন করতে হবে বলে তিনি জানান। গত ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ডব্লিওসিওর সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কনভেনশনের সদস্য হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিওসিওর মহাসচিব কুনিও মিকোরিয়া, এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ, এনবিআরের দ্বিতীয় সচিব এহতেশামুল হক প্রমুখ। বর্তমানে ৭৮টি দেশ এ কনভেনশনের সদস্য। ১৯৭৪ সালে এ কনভেশন বাস্তবায়ন শুরু হয়। আর ২০০৬ সাল থেকে সংশোধিত কিয়োটো কনভেনশন বাস্তবায়ন শুরু হয়।