কুক্ষিগত হচ্ছে আয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট আজ সোমবার থেকে বাড়ছে। এই কল রেট দেড় সেন্ট থেকে বেড়ে দুই সেন্ট হচ্ছে। এতে যে বাড়তি আয় হবে, তার পুরোটাই আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরদের কাছে চলে যাবে।
একতরফাভাবে কল রেট বাড়ানোর এ সিদ্ধান্তের পরও সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সরকার ও বিটিআরসি বলছে, কল রেট বাড়ানোর এমন সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই অনুমোদন নিতে হবে। কিন্তু অনুমোদন ছাড়াই কীভাবে বাড়তি কল রেট কার্যকর হচ্ছে, সেটার কোনো সুস্পষ্ট উত্তর মেলেনি।
সরকারি হিসাবে, বিদেশ থেকে বৈধভাবে বাংলাদেশে প্রতিদিন গড়ে ১০ কোটি ৫০ লাখ মিনিট কল আসে। নিয়ম অনুযায়ী, প্রতি এক মিনিট কল থেকে যে আয় হয়, তার ৪০ শতাংশ বিটিআরসি, ১৭ দশমিক ৫ শতাংশ ইন্টার কানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স), ২২ দশমিক ৫ শতাংশ মোবাইল অপারেটর আর বাকি ২০ শতাংশ আইজিডব্লিউ কোম্পানিগুলো পেয়ে থাকে।
কল রেট দেড় সেন্ট থেকে বেড়ে দুই সেন্ট হলে প্রতিদিন বাড়তি আয় হবে ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা চার কোটি ২৪ লাখ টাকা (প্রতি ডলার ৮০ টাকা হিসাবে)। এই হিসাবে প্রতি মাসে বাড়তি আয় হবে ১২৭ কোটি ২০ লাখ টাকা, আর বছরে তা দাঁড়াবে ১ হাজার ৫২৬ কোটি টাকা। আয় ভাগাভাগির স্বাভাবিক নিয়মটি প্রযোজ্য হলে ৪০ শতাংশ হিসাবে সরকার এক বছরে পাবে ৬১০ কোটি টাকা। বাকি টাকার ১৭ দশমিক ৫ শতাংশ হিসাবে আইসিএক্স অপারেটর পাবে ২৬৭ কোটি টাকা, মোবাইল অপারেটররা পাবে ৩৪৩ কোটি টাকা আর বাকি ৩০৫ কোটি টাকা আইজিডব্লিউ অপারেটরদের পাওয়ার কথা।
কিন্তু সরকারের অনুমোদন না নিয়ে বাড়তি আয়ের পুরোটাই আইজিডব্লিউ অপারেটররা নিয়ে নিলে সরকার বিশাল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হবে। কল রেট বাড়ানোর এ বিষয়টি দেশের মোবাইল অপারেটরদের জানা নেই বলে একাধিক অপারেটরের দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানান।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য গতকাল রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কল রেট বাড়ানোর কোনো অনুমোদন সরকার এখনো আইওএফকে দেয়নি।
বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাড়তি আয়ের ভাগ আদায় করার দায়িত্ব বিটিআরসির যেমন রয়েছে, একইভাবে মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে। একা বিটিআরসির পক্ষে বাড়তি রাজস্ব আয়ের বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়।
কল রেট বাড়ানোর ফলে বাড়তি যে আয় হবে, সে সম্পর্কে আইওএফের উপপ্রধান নির্বাহী খন্দকার মাজহারুল হকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘বাড়তি আয় কীভাবে ভাগাভাগি হবে, বিষয়টি আমার জানা নেই।’ তিনি দাবি করেন, তিন সেন্ট পর্যন্ত কল রেট বাড়াতে সরকারের অনুমোদনের প্রয়োজন হয় না।
বিটিআরসি সূত্রে জানা গেছে, দেশে কল রেট যখন তিন সেন্ট ছিল, তখন কল রেট বাড়ানোর সর্বোচ্চ সীমা (সিলিং রেট) ছিল সাড়ে তিন সেন্ট। কিন্তু কল রেট যখন কমিয়ে দেড় সেন্ট করা হয়, তখন আর সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। কল রেটের সর্বোচ্চ সীমা ২ সেন্ট নির্ধারণে বিটিআরসির একটি প্রস্তাব ছয় মাস আগেই মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, কিন্তু সেটি এখনো বাস্তবায়িত হয়নি।
দেশে বর্তমানে ২৩টি আইজিডব্লিউ অপারেটর থাকলেও মাত্র সাতটি অপারেটর কল টার্মিনেট বা গ্রাহক পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমান নিয়মে একই লাইসেন্স পেয়েও ওই সাত অপারেটর বাকি ১৬টি অপারেটরের চেয়ে প্রায় দ্বিগুণ আয় করে।