কুমিল্লা ইপিজেডে উৎপাদিত পণ্যের রপ্তানি বেড়েছে
২০১১-১২ অর্থবছরে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে মোট ১৪ কোটি ৮৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। যা এর আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩০ লাখ ডলার বেশি। কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. আবদুস সোবহান সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বমন্দার মধ্যেও কুমিল্লা ইপিজেডে উৎপাদিত পণ্যের রপ্তানি বেড়েছে। মো. আবদুস সোবহান জানান, ২৬৭ একর জমির ওপর গড়ে তোলা কুমিল্লা ইপিজেডে ২৩৮টি শিল্প প্লট তৈরি করা হয়েছে। এর মধ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ২৩৩টি। বাংলাদেশ ছাড়া চীন, জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, হংকং, মরিশাস, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করেছেন। তাঁদের কারখানাগুলোতে গার্মেন্টস বা পোশাক, জুতা, সুতা, ফেব্রিক্স, বস্ত্র , প্লাস্টিক ও ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদিত হচ্ছে। আবদুস সোবহান বলেন, ইপিজেডে বর্জ্য পরিশোধনাগার তৈরি হলে প্রতিদিন ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধন করা সম্ভব হবে। আগামী বছরের ১৩ জুন সেটি চালু হবে।গত ১৫ জুলাই কুমিল্লা ইপিজেডের এক যুগ পূর্ণ হয়েছে। ২০০০ সালের ১৫ জুলাই এটির উদ্বোধন করা হয়।