সম্পূর্ণ জাপানি মালিকানাধীন জে বি নেটওয়ার্কস কোম্পানি লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় প্রায় ১৮ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে চামড়াজাত শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাপানে জেটরোর সঙ্গে বেপজার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতিফলন হিসেবে বেপজা এই কোম্পানির জন্য দুই হাজার ৩৫০ বর্গমিটারের কারখানা ভবন বরাদ্দ দিয়েছে। জেবি নেটওয়ার্কস কারখানায় এক হাজর ৭৮ জন বাংলাদেশি নাগরিক বার্ষিক ১০ লাখ পিস চামড়াজাত বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যামেরার ব্যাগ, ক্যামেরা লেন্স কেস, চামড়ার চাবুক, শিকল ইত্যাদি। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং জেবি নেটওয়ার্কস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফুজিকাওয়া মাসারু একটি লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান এবং বাংলাদেশে জেটরোর আবাসিক প্রতিনিধি কেই কাওয়ানো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাসস