কুমিল্লায় ঈদের বাজারে জমজমাট কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যান্য স্থানের মতোই কুমিল্লায় ঈদের বাজার জমে উঠেছে। বাজারের বেচাবিক্রি ও পণ্যের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়েই খুশি। সকাল থেকে রাত পর্যন্ত শহরের অভিজাত বিপণিবিতানগুলোসহ হকার মার্কেটগুলোতেও ক্রেতাদের উপস্থিতি লক্ষ্যণীয়।ঈদের আগ মুহূর্তে দামের দিকে না তাকিয়ে স্বজনদের জন্য একের পর এক পোশাক কিনে নিচ্ছেন। তবে গতবারের তুলনায় এবার উন্নতমানের কাপড় কম এসেছে, দামও বেড়েছে। গতকাল মঙ্গলবার বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। শহরের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড় সব দোকানেই লেগে আছে। নগরের ইস্টার্ন ইয়াকুব প্লাজা, সাত্তার খান কমপ্লেক্স, কুমিল্লা পুলিশ সুপার কমপ্লেক্সের কার্ডিয়ার ও চমক, রাজগঞ্জের আফতাব ব্রাদার্স ও গৌরী শংকর এবং মনোহরপুর ও লাকসাম সড়কের খাদি দোকানগুলোতে বিক্রি বেশি হচ্ছে। এ ছাড়া এ বছর কুমিল্লায় গ্যালারি এপেক্সের বেশ কয়েকটি শোরুম হয়েছে। এখানেও জুতা বিক্রি ভালো। নগরের কান্দিরপাড়ের জেনিস শু দোকানে ভিন্ন ডিজাইনের জুতা এসেছে। কসমেটিকস, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি এবং স্বর্ণের দোকানগুলোতে পুরুষ ও মহিলাদের সার্বক্ষণিক ভিড় দেখা গেছে। এদিকে নগরের কান্দিরপাড়ের টাউন হল মাঠে নিম্ন আয়ের মানুষের জন্য বসানো হয়েছে কমপক্ষে শতাধিক দোকান। এসব দোকানে হকারেরা তুলেছেন শার্ট, প্যান্টসহ বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক। কম দামের মধ্যে এখান থেকে পছন্দসই পোশাক মিলছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। নগরের আফতাব ব্রাদার্সে কথা হয় ফিরোজা বেগম, ফারহানা ইসলাম, তাছলিমা আক্তার লিরা ও জয়া বেগমের সঙ্গে। তাঁরা প্রত্যেকে জানালেন, এবার শাড়ির দাম গতবারের চেয়ে বেশি। পরিবারের বয়স্ক মহিলাদের জন্য এবার তাঁরা শাড়ি কিনেছেন। কুমিল্লা জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি ও আজম খান জুয়েলার্সের স্বত্বাধিকারী শাহ মো. আলমগীর খান বলেন, ঈদ এলে পোশাক-আশাকের সঙ্গে অনেকেই নতুন করে স্বর্ণের গয়না কেনেন। কেউবা পুরোনো স্বর্ণকে নতুন করে নেন। এটা এখন ঈদ-সংস্কৃতির মধ্যে পড়ে গেছে। কুমিল্লার টাউন হল সুপার মার্কেটের মিজানুর রহমান বলেন, এ প্রজন্মের তরুণদের কাছে কম দামের জিন্স ও টি-শার্টের কদর বেড়ে গেছে। প্রতিদিন বিক্রি ভালোই হচ্ছে। এদিকে নগরের খাদি দোকানগুলোতে বরাবরের মতো এবারও ভিড় আছে। ফতুয়া, লম্বা ও শর্ট পাঞ্জাবি, থ্রি-পিচ, বেডশিট বিক্রি হচ্ছে ভালো। তবে দাম গতবারের চেয়ে একটু বেশি। অন্যদিকে নগরের বিউটি পার্লার ও কসমেটিকসের দোকানগুলোতে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অনেকে জামা ও জুতার সঙ্গে মিলিয়ে কসমেটিকস কিনছেন। রূপসচেতন মহিলাদের এ ধরনের ভিড় ঈদের বাজারকে আরও চাঙা করেছে। সেবাদানকারী মুঠোফোন কোম্পানিগুলোর দোকানেও ভিড় আছে। এদিকে কুমিল্লার ১৬ উপজেলার মধ্যে ১৫টি উপজেলা সদরের দোকানগুলোতেও বিকিকিনি বেড়েছে। ঈদ উপলক্ষে ওই ভিড় লক্ষ করা গেছে। ঈদের বাজারে হিন্দু ধর্মাবলম্বী মহিলারাও ভালো কাপড়ের পসরা দেখে কেনাকাটায় নেমেছেন। ঈদের পর পূজাকে কেন্দ্র করে তাঁরাও কেনাকাটা করছেন। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে জানান, ক্রেতা ও বিক্রেতারা যেন শান্তিতে কেনাকাটা করতে পারেন, সেজন্য পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুমিল্লার বাজারে কোনো ধরনের চাঁদাবাজি নেই। ব্যবসায়ীরা আছেন শান্তিতে।