কুমিল্লায় এবার খাদির চাহিদা বেশি, পোশাকেও নতুনত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় ঈদের বাজার বেশ জমে উঠেছে। তবে পোশাক-পরিচ্ছদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি। ব্যবসায়ীরা জানান, বৈচিত্র্যমণ্ডিত খাদি পোশাকের প্রতি এবারে ক্রেতাদের চাহিদা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি।শহরের বেশ কয়েকটি খাদি দোকানের মালিক ও বিক্রয়কর্মীরা প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানান, কুমিল্লার মেয়েরা গত কয়েক বছরে খাটো পাঞ্জাবি কিনলেও এবারে ব্লক করা ফুল হাতার ফতুয়া বেশি কিনছে। আর ছেলেদের পছন্দের শীর্ষে রয়েছে খাটো (শর্ট) পাঞ্জাবি। পাঞ্জাবি আর ফতুয়ার মধ্যে বিভিন্ন রঙের পাথর লাগানো, নান্দনিক ব্লক বসানো ও আল্পনাসহ নানা ধরনের কাজ করার ফলে এ দুটি পোশাকের বিক্রি বেড়ে গেছে। এ ছাড়া বয়স্করা হাফ হাতার ফতুয়া বেশি কিনছেন।শহরের পুলিশ লাইন এস এ বারী মার্কেটের ত্রিপুরা কুটিরের স্বত্বাধিকারী হুমায়ুনসহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, এবারে খাদি পোশাকগুলোয় কাজের বৈচিত্র্য বাড়লেও দাম কিন্তু আগের মতোই রাখা হয়েছে।শহরের বিশুদ্ধ খদ্দর ভাণ্ডারের স্বত্বাধিকারী প্রদীপ কুমার দত্ত বলেন, ‘এবারে উন্নত ডিজাইনের পাঞ্জাবি ও বেডশিট আনা হয়েছে। বিক্রিও ভালো।’ধর্মপুর এলাকার বাসিন্দা কামরুন্নাহার ও আয়েশা সিদ্দিকা বলেন, ‘কুমিল্লার ঐতিহ্যকে ধারণ করার জন্য এ বছরও খাদির কাপড় কিনেছি।’সরেজমিনে শহরের পদ্মা খাদি ঘর, খাদি শিল্পায়ন, খাদি টেক্সটাইল, প্রসিদ্ধ খাদি ভাণ্ডার, মিয়েল খাদি ঘর, খাদি আড়ং, খাদি উজালা, ভাই ভাই খাদিঘর, বিসমিল্লাহ খাদিঘর, খাদি স্টোর, খান্দানি খাদিঘর, আল আমীন খাদিঘর, খাদি প্রিয়াঙ্গন, খাদি শিল্প ভবন, খাদি কটেজ, খাদি জোসনা স্টোর, খাদি নিলয়, বিশুদ্ধ খদ্দর বিক্রেতা, কুমিল্লা খদ্দর, বুনন খাদি কুটির, পূর্বাশা গিফট্ অ্যান্ড খাদি, খাদি বিপণি, খাদি সন্ধ্যা, খাদি নীড়, পপুলার খাদিঘর, বিশুদ্ধ খদ্দর ভাণ্ডার, খাদিঘর, আবরণী খাদিঘর, কুমিল্লা খাদিঘর, প্রসিদ্ধ খদ্দর ভাণ্ডার, বঙ্গশ্রী প্রভৃতি দোকানে দিনরাত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এবারে কুমিল্লার খাদি কাপড়ের পোশাকগুলোর মধ্যে ব্লক স্কিনের পাঞ্জাবি ২৭০ টাকা থেকে ৩৫০ টাকা, হাতের কাজের পাঞ্জাবি ৩৫০ থেকে ৮০০ টাকায়, মেয়েদের ফতুয়া সর্বনিম্ন ২৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫৫০ টাকায়, মোটা তাঁতের তৈরি খাদি পাঞ্জাবি ২৭০ থেকে ৪৫০ টাকায়, শর্ট পাঞ্জাবি ৪৫০ থেকে ৫৫০ টাকায় এবং ছেলেদের ফতুয়া সর্বনিম্ন ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া বেডশিট সর্বনিম্ন ৩০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়। বিক্রি হচ্ছে লুঙ্গিসহ নানা ধরনের খাদি পণ্যও। তবে দোকানভেদে দাম কম-বেশি হয়ে থাকে। এদিকে শহরের রাজগঞ্জ এলাকার খাদি ঘরের প্রদীপ রাহা বলেন, সরকার মাঠ পর্যায়ের প্রান্তিক খাদি শিল্পীদের আর্থিক সহায়তা করলে এই খাদি পোশাক আরও অনেক দূর এগিয়ে যাবে।