কুমিল্লায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎকেন্দ্র চালু
কুমিল্লার তিতাস উপজেলার দাউদকান্দিতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র সম্প্রতি পরীক্ষামূলক-ভাবে চালু হয়েছে।৬৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে বলে উদ্যোক্তারা জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তত্ত্বাবধানে এটি নির্মাণ করেছে চায়না কেবল কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। ২০১০ সালের ৭ নভেম্বর তিতাস উপজেলার শোলাকান্দি এলাকায় গোমতী নদীর পাড়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে পিডিবির প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল আনাম প্রথম আলোকে জানান, নির্ধারিত সময়ের সাড়ে তিন মাস আগেই নির্মাণকাজ শেষ হওয়ায় কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। প্রকল্পটির কর্মকর্তারা জানান, এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজিত হবে। তবে দাউদকান্দি ও হোমনা উপজেলায় কিছু বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে।