কুমিল্লায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু
কুমিল্লা টাউন হল মাঠে গতকাল রোববার থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০১১ শুরু হয়েছে।কুমিল্লা শিল্প ও বণিক সমিতি এ মেলার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন।মেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০টি স্টল রয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত চলবে এ মেলা। যা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এদিকে মেলা উপলক্ষে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মেলার আহ্বায়ক মাসুদ পারভেজ খান ইমরানের সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ আ ক ম বাহাউদ্দিনসহ কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কুমিল্লা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এ কে এম মফিজুর রহমান বক্তব্য দেন। আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘মেলা আয়োজনের কারণে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষতি হবে। তার পরও আমাদের মেলার দরকার আছে। এই মেলা কুমিল্লার ঐতিহ্যকে বিকশিত করবে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন পণ্যের সমারোহ ঘটবে। ফলে ক্রেতারা যাচাই-বাছাই করে পণ্য কিনতে পারবেন।