বাংলাদেশ থেকে কুয়েতে জনশক্তি রপ্তানি-প্রক্রিয়া সহজ করতে ‘মাইগ্রেশন ভিসা’ চালু করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে সে দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আসহাব উদ্দিন গতকাল বুধবার ডিসিসিআই মিলনায়তনে সংগঠনের সভাপতি সবুর খানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানানো হয়।
এ সময় ডিসিসিআইয়ের দুই সহসভাপতি নেসার মাকসুদ খান ও আবসার করিম চৌধুরী উপস্থিত ছিলেন। ডিসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সবুর খান বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে কুয়েতে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে। দেশটিতে পুনরায় জনশক্তি রপ্তানি চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রাষ্ট্রদূত আসহাব উদ্দিন জানান, তিনি কুয়েতে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের এ দেশে বিনিয়োগে আকৃষ্ট করা এবং সে দেশ থেকে জ্বালানি তেল সরবরাহ-প্রক্রিয়া আরও সহজ করার জন্য উদ্যোগ নেবেন।