কুষ্টিয়ার মোকামে কমতে শুরু করেছে চালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম কেজিপ্রতি দুই টাকা কমেছে। আগামী ১৫ দিনের মধ্যে আরও কমার সম্ভাবনা আছে। তবে মোকামে চালের দাম কমলেও বাজারে প্রভাব পড়ছে ধীর গতিতে।

চালকলমালিক ব্যবসায়ীরা জানান, মিনিকেট চাল মানভেদে কেজিতে দুই টাকা, স্বর্ণা, কাজললতা, আটাশসহ অন্যান্য চালের দামও আগের চেয়ে কয়েক টাকা কমে বিক্রি হচ্ছে। তবে মোটা চালের দাম কমেছে বেশি। ১০ দিন আগে মোটা চাল ৪৩ টাকা কেজি বিক্রি হয়েছে। সেই চাল গত রোববার বিক্রি হয়েছে ৩৮ টাকায়।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান প্রথম আলোকে জানান, গত এক সপ্তাহে খাজানগর মোকামে বস্তাপ্রতি (৫০ কেজি) দাম কমেছে ১০০ টাকা। আগামী এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত কমে যেতে পারে। ধানের দাম কমে যাওয়া ও বাইরে থেকে চাল আমদানি হওয়ায় চালের দাম কমতে শুরু করেছে।

চালকলমালিকেরা জানান, ১৫ দিন আগে মিনিকেট চাল কেজি প্রতি দাম ছিল ৪৭ টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এ ছাড়া কাজললতা চাল বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

ফোর স্টার রাইস মিলের মালিক মফিজ উদ্দিন জানান, ঈদের পর ঢাকা ও চট্টগ্রামের বাজারে চালের তেমন কোনো চাহিদা নেই। এ ছাড়া সরকার আমদানি শুল্ক কমানোর কারণে বাইরে থেকে চাল আসছে কম দামে। এ চাল আসার কারণে স্থানীয় মোকামগুলো থেকে কেউ বেশি দামে চাল কিনতে চাইছে না। এমন চলতে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে চালের বাজার আরও কমবে।

এদিকে মোকামে দাম কমায় খুচরা বাজারে ধীর গতিতে দাম কমছে। কুষ্টিয়া পৌর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আগে বেশি দামে কেনা চাল এখনো দোকানে আছে। সেটা বিক্রি হলেই নতুন কেনা চাল কম দামে বিক্রি করতে পারবেন।

জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা এ কে এম শাহ নেওয়াজ জানান, চালের বাজার আগের থেকে কমতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, মোটা চালের দাম কয়েক সপ্তাহের মধ্যে ৩৫ টাকায় নেমে আসবে। ইতিমধ্যে আগের থেকে ৪-৫ টাকা কমেছে। এতে জেলায় এবারের চাল সংগ্রহ অভিযানে যাঁরা চুক্তি করেছিলেন, তাঁরা অনেকটাই লোকসান কাটিয়ে উঠতে পারবেন।

জেলা খাদ্যনিয়ন্ত্রক তানভীর রহমান জানান, চালের দাম কমায় চলতি মৌসুমের সংগ্রহ অভিযান আশা করা যাচ্ছে পরিপূর্ণ করা যাবে।

চাল সংগ্রহ অভিযান কমিটির সভাপতি জেলা প্রশাসক জহির রায়হান প্রথম আলোকে বলেন, ‘যেসব মিলমালিক চুক্তি করেছেন, তাঁরা ইচ্ছা করলে বেশি পরিমাণে চাল দিতে চাইলে আমরা তাঁদের সুযোগ দেব। চালের বাজারে কোনো কারসাজি যেন না হয়, সে ব্যাপারে মনিটরিং বাড়ানো হয়েছে।’