কুষ্টিয়ার মোহিনী মিলের শ্রমিকেরা ২২ বছর পর বেতন-বোনাস পেলেন
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কাপড়ের কল মোহিনী মিলের (বর্তমানে শাহ মখদুম মিল) শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ ২২ বছর পরে বেতন, ঈদের বোনাস ও শাড়ি-লুঙ্গি পেয়েছেন।কারখানাটি বন্ধ থাকার কারণে এতদিন ধরে শ্রমিক-কর্মচারীরা এসব সুবিধা পাননি। বর্তমান সরকারের পদক্ষেপে শাহ মখদুম মিল নামে চালু হওয়ার সুবাদে এর ২৫০ জন শ্রমিক-কর্মচারী আগস্ট মাসের বেতন ও ঈদের বোনাস পান। সেই সঙ্গে মিলের প্রধান ফটকের সামনে গত মঙ্গলবার তাঁদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান।এ সময় খেলাপি ঋণ আদায়কারী প্রতিষ্ঠান পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস করপোরেশনের (পিডিএসসি) যুগ্ম পরিচালক গোলাম রব্বানী ও নিরাপত্তা কর্মকর্তা রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।পিডিএসসির চেয়ারম্যান আবদুর রহমান জানান, দীর্ঘদিন পরে হলেও ঐতিহ্যবাহী এ মিলটি আংশিকভাবে চালু এবং ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস প্রদান করা হয়েছে।