কুষ্টিয়ায় চালের দাম আবার বাড়ল
জেলা প্রশাসনের হুঁশিয়ারির পরও কুষ্টিয়ার চালকলমালিকেরা আরেক দফায় সরু চালের দাম কেজিপ্রতি দুই টাকা বাড়িয়েছেন। গতকাল শনিবার জেলার খাজানগর মোকামে মিনিকেট চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৫৬ টাকায়, যা ঈদুল আজহার আগে কেজিপ্রতি ৫৪ টাকা ছিল। অন্যান্য চালের দামও কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৩০ আগস্ট চালকলমালিকদের দাম সহনীয় পর্যায়ে রাখতে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপরও চালের দাম বাড়ল।
জানতে চাইলে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেলে খাজানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পাঠানো হবে। মিলগুলোয় অভিযান চালানো হবে। মিলমালিকেরা যে যুক্তি দেখাচ্ছেন, তা ঠিক না। বিষয়টি সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খাজানগর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মিনিকেটের পাশাপাশি আটাশ, কাজল লতাসহ অন্যান্য চালের দামও কেজিপ্রতি এক থেকে দেড় টাকা বেড়েছে। কুষ্টিয়া পৌর বাজারে গিয়ে গতকাল দেখা যায়, কেউ কেউ মিনিকেট চাল কেজিপ্রতি ৫৭ টাকা, কেউ কেউ ৫৮ টাকা দরে বিক্রি করছেন।
দামের এই হেরফেরের কারণ জানতে চাইলে একজন চাল বিক্রেতা জানান, যাঁদের কাছে আগের কেনা চাল আছে, তাঁরা ৫৭ টাকায় বিক্রি করতে পারছেন। যাঁরা গত দুই দিনে মোকাম থেকে চাল কিনেছেন তাঁরা ৫৮ টাকা কেজি দরে বিক্রি করছেন।
চালের দাম আবারও বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান প্রথম আলোকে বলেন, মিলমালিকদের কিছুই করার নেই। দেশে ধানের চরম সংকট চলছে। মিল চালু রাখার জন্য যে যা দাম বলছে, মিলমালিকেরা সেই দাম দিয়েই ধান কিনতে বাধ্য হচ্ছেন।
কুষ্টিয়ার বাজারে গত কয়েক মাসে চালের দাম বেশ বেড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। কুষ্টিয়া পৌর বাজারে চাল কিনতে আসা আনিসুজ্জামান বলেন, চালের দাম ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।