কুষ্টিয়ায় চালের দাম বেড়েছে
কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামে (পাইকারি বাজার) মিনিকেট (সরু) চালের দাম কেজিপ্রতি দুই টাকা বেড়েছে। অন্যদিকে মোটা চালের দাম বেড়েছে কেজিপ্রতি চার টাকা। চালের এই দাম বেড়েছে ১৫ দিনের ব্যবধানে। মিলমালিকদের দাবি, ধানের দাম বেড়ে যাওয়ায় তাঁরা চালের দাম বাড়িয়েছেন।
দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম খাজানগরে ৩৬৪টি সরকারি নিবন্ধিত চালকল রয়েছে। এর মধ্যে অটো রাইস (স্বয়ংক্রিয়) মিলের সংখ্যা ৩১। খাজানগর মোকাম এলাকা থেকে প্রতিদিন এক শ থেকে দেড় শ ট্রাক (প্রতিটি প্রায় ১৫ টন) চাল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় যায়।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখা সূত্রে জানা গেছে, খাজানগরে সপ্তাহ দুয়েক আগে প্রতি কেজি মিনিকেট চাল পাইকারি বিক্রি হয়েছে ৪৫ টাকা দরে। অন্যদিকে মোটা চাল ছিল প্রতি কেজি ২৯ টাকা। গত রোববার সকালে মোকামে মিনিকেট বিক্রি হয়েছে ৪৭ টাকা দরে। আর মোটা চাল বিক্রি হয়েছে ৩৩ টাকা কেজি দরে। উল্লেখ্য, এ বছর সরকার প্রতি কেজি চাল কিনছে ৩৩ টাকা দরে।
দাম বাড়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক ও দাদা রাইস মিলের মালিক জয়নাল আবেদীন প্রধান প্রথম আলোকে বলেন, ধানের দাম বেড়ে গেছে। এ জন্য তাঁরা দাম বাড়াতে বাধ্য হয়েছেন। ভবিষ্যতে দাম আরও বাড়ার আশঙ্কা আছে। তিনি দাবি করেন, ধানের দাম বাড়ায় কৃষকের লাভ হচ্ছে। তবে চাল উৎপাদনে খরচ বেড়ে যাচ্ছে। এ অবস্থায় ভারতীয় চাল আমদানি হলে তাঁদের লোকসানের মুখে পড়তে হবে। খাজানগর এলাকার ফোর স্টার রাইস মিলের মালিক ও চালকল মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোফিজ উদ্দিন বলেন, ১৫ দিন আগে প্রতি মণ ধানের দাম ছিল ৮৬০ টাকা। দু-তিন দিন আগে তা মণপ্রতি ৯৬০ টাকা দিয়ে কিনতে হয়েছে।
এদিকে ঢাকার বাজারেও গত দুই সপ্তাহে মোটা চালের দাম কেজিতে ২ টাকার মতো বেড়েছে। এখন বাজারে গুটি ও স্বর্ণা জাতের মোট চাল বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা দরে। অন্যদিকে বিভিন্ন কোম্পানির মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা কেজি দরে।
আগামী এপ্রিল মাস নাগাদ নতুন বোরো মৌসুমের চাল বাজারে আসবে। তার আগে চালের দাম কমার সম্ভাবনা কম বলে দাবি করেন ব্যবসায়ীরা।