কুড়িগ্রাম জেলার বঙ্গসোনাহাট পূর্ণাঙ্গ স্থলবন্দর হলো
সরকার অবশেষে কুড়িগ্রাম জেলার বঙ্গসোনাহাট শুল্কস্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করেছে। খবর বাসসের।রাষ্ট্রপতির আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থলবন্দর শাখা এ-সম্পর্কিত একটি প্রজ্ঞাপন গত বুধবার জারি করে। দীর্ঘদিন থেকে এ এলাকার জনগণ সোনাহাট স্থলবন্দর বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ১৯৯৫ সালে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোনাহাট স্থল শুল্কস্টেশন স্থাপনের প্রজ্ঞাপন জারি করে। ১৯৯৬ সালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বঙ্গসোনাহাট স্থলবন্দরকে স্থলবন্দর হিসেবে ঘোষণা করে। বঙ্গসোনাহাট স্থলবন্দরটি জেলা শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে ভূরুঙ্গামারী উপজেলার বানরকুটি সীমান্তে অবস্থিত। এটি ব্রিটিশ আমলের একটি বাণিজ্যিক বন্দর ও একটি সমৃদ্ধ শহর ছিল। ব্রিটিশ আমলের বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসাম, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল ও মেঘালয় রাজ্যের পণ্য পরিবহনের একমাত্র প্রবেশদ্বার ছিল। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর এই পথগুলো বন্ধ হয়ে যায়।