কুড়িগ্রামে বঙ্গ সোনাহাট স্থলবন্দর উদ্বোধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গ সোনাহাট শুল্কস্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে উদ্বোধন করা হয়েছে।এই স্থলবন্দর চালুর ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যে স্বল্পখরচে পণ্য আনা-নেওয়া করা যাবে। এতে বাংলাদেশি ব্যবসায়ীদের আমদানি ব্যয়ও কমবে। এ ছাড়া সোনাহাট থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ভুটানের সঙ্গেও বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এর ফলে বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল শনিবার দেশের নতুন এই স্থলবন্দরটির উদ্বোধন করেন। এ নিয়ে দেশে স্থলবন্দরের সংখ্যা দাঁড়াল ১৮।উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত সোনাহাটসহ ছয়টি নতুন স্থলবন্দর চালু করেছে। আরও ছয়টি চালুর অপেক্ষায় রয়েছে। অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ইয়াহিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।মন্ত্রী বলেন, ‘বঙ্গ সোনাহাট শুল্কস্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্সখ্যাত সাতটি রাজ্যের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচিত হবে। আর কর্মসংস্থান ও শিল্পায়নের মাধ্যমে মঙ্গাপীড়িত এই এলাকায়ও অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।’কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৫ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সোনাহাট শুল্কস্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করে।