কুয়ালালামপুর ও সিঙ্গাপুর পথে উড়বে ইউএস-বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের কুয়ালালামপুর ও সিঙ্গাপুর পথে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়
ঢাকার একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের কুয়ালালামপুর ও সিঙ্গাপুর পথে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়

ঢাকা থেকে কুয়ালালামপুর ও সিঙ্গাপুর পথে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এর মধ্যে আগামী ১ মার্চ কুয়ালালামপুর ও ৯ মার্চ সিঙ্গাপুর পথে উড়তে শুরু করবে বেসরকারি এ সংস্থাটির উড়োজাহাজ।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সকালে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। এতে বলা হয়, শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন রাত আটটায় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে এবং কুয়ালালামপুরের স্থানীয় সময় রাত দুইটায় সেখানে পৌঁছাবে। আর শনি ও রোববার ছাড়া প্রতিদিন রাত তিনটায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং ভোর পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
অন্যদিকে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার রাত ১১টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুর পৌঁছাবে সেখানকার সময় ভোর ৫টা ১৫ মিনিটে। আর প্রতি সোম, বুধ, শুক্র ও শনিবার সকাল ৬টা ১৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এ দুটি পথে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে কুয়ালালামপুরে সব ধরনের কর ও সারচার্জসহ একমুখী ভাড়া ন্যূনতম ২০ হাজার ৪৯৯ টাকা এবং দ্বিমুখী ভাড়া ২৭ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা থেকে সিঙ্গাপুরের একমুখী ভাড়া ১৯ হাজার ৯৯৯ টাকা ও দ্বিমুখী ভাড়া ৩১ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ, বিক্রয় ও বিপণন পরিচালক গাজী সালাউদ্দিন এবং উপপরিচালক সোহেল মজিদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শিগগির থাইল্যান্ডের ব্যাংকক, চীনের গুয়াংজু ও কাতারের দোহাসহ কয়েকটি নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের। এ ছাড়া চলতি বছরের শেষ নাগাদ সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এই সংস্থা।
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ ৪০০ এয়ারক্র্যাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করে ইউএস-বাংলা এয়ার।