কুয়ালালামপুর পথে ১ মার্চ থেকে উড়বে ইউএস-বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ১ মার্চ থেকে ঢাকা-কুয়ালালামপুর পথে উড়তে শুরু করবে। এ পথে প্রাথমিকভাবে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন উড়বে ইউএস-বাংলার উড়োজাহাজ।
ঢাকা-কুয়ালালামপুর পথে ইউএস-বাংলা এয়ার সব ধরনের কর ও সারচার্জসহ সর্বনিম্ন একমুখী ভাড়া ১৮ হাজার ১২২ টাকা ও দ্বিমুখী ভাড়া ২৫ হাজার ১২০ টাকা নির্ধারণ করেছে। ইউএস-বাংলার উড়োজাহাজ প্রতিদিন রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং কুয়ালালামপুর গিয়ে পৌঁছাবে স্থানীয় সময় রাত ২টায়। আর কুয়ালালামপুর থেকে রোববার ছাড়া অন্য দিনগুলোতে প্রতিদিন স্থানীয় সময় রাত ৩টায় ছেড়ে আসবে এবং ভোর ৫টায় ঢাকায় অবতরণ করবে। সংস্থাটি গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
ইউএস-বাংলা এ পথে ১৬৪ আসনের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। এতে বিজনেস শ্রেণির ৮টি ও ইকোনমি শ্রেণির ১৫৬টি আসন রয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ার শিগগির সিঙ্গাপুর, দোহা, গুয়াংজু প্রভৃতি আন্তর্জাতিক গন্তব্যেও উড়তে শুরু করবে।
২০১৪ সালে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে অভ্যন্তরীণ সব গন্তব্যের পাশাপাশি এ অঞ্চলে কাঠমান্ডু ও কলকাতা এবং মধ্যপ্রাচ্যের মাসকাট পথে উড়ছে।