কুয়েতে বাংলাদেশি পণ্যের একক মেলা শুরু হচ্ছে আজ
কুয়েতের মিশরেফের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারস গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশি পণ্যের একক বাণিজ্য মেলা ‘বাংলাদেশ ট্রেড ফেয়ার-২০১২’।প্রথমবারের মতো দেশটিতে বাংলাদেশি পণ্যের একক এই মেলার আয়োজন করছে কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কুয়েত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুল আজিজ এম আল খালাদি আজ সকালে মেলার উদ্বোধন করবেন।কুয়েত-বাংলাদেশ চেম্বারের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ আল দাফিরি ও অধ্যাপক এস এম মাহফুজুর রহমান।আয়োজকেরা জানান, মেলায় বাংলাদেশের ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে আছে: প্রাণ, ইফাদ, রাজকামাল, সজীবসহ কয়েকটি খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। এ ছাড়া চামড়াজাত পণ্য, হস্তশিল্প, তৈরি পোশাক, আবাসন খাতের প্রতিষ্ঠান, সিরামিক এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিবিষয়ক কয়েকটি প্রতিষ্ঠানও এতে অংশ নিচ্ছে। ইতিমধ্যে ৪৫টি প্রতিষ্ঠানের ১২০ জন প্রতিনিধি কুয়েতে পৌঁছেছেন।কুয়েতে বাণিজ্য সম্প্রসারণে এ মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন কুয়েত-বাংলাদেশ চেম্বারের নেতারা। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় এ মেলা শেষ হবে।