কুয়েতে রপ্তানি বাড়াতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। বাণিজ্যমন্ত্রী বলেছেন, কুয়েতে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাট, শুকনো খাবার ও শাক-সবজির সম্ভাবনাময় বিশাল বাজার রয়েছে। কুয়েত-বাংলাদেশ চেম্বার এ বাজার সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার কুয়েত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এ আর কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ তালুকদার মো. ইউনুস, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, আওয়ামী লীগের কুয়েত শাখার সভাপতি মো. সাদেক হোসেন প্রমুখ বক্তব্য দেন।ফারুক খান জানান, ২০০৯-১০ অর্থবছরে কুয়েতে এক কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলেও ২০১০-১১ অর্থবছরে রপ্তানি হয়েছে এক কোটি ৪৩ লাখ ডলারের সমতুল্য পণ্য। রপ্তানির পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, রাজনৈতিক দলের হরতাল ও কিছু কিছু ধ্বংসাত্মক কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি। সরকারি দল আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দল ভবিষ্যতে বিরোধী দলে গেলেও এ ধরনের কর্মসূচি দেবে না—জাতির সামনে এমন প্রতিশ্রুতি দেওয়ার জন্য আহ্বান জানান এ কে আজাদ।