কৃতী ব্যাংকার স্বীকৃতি পেলেন ইউসিবির শাহজাহান ভূঁইয়া
‘কৃতী ব্যাংকার-২০১০’-স্বীকৃতি লাভ করলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কৃতী ব্যাংকার ২০১০ পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষিব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ, ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) মহাসচিব আবদুল মতিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান বলেন, ভালো কাজের প্রশংসা বা স্বীকৃতি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভবিষ্যত্কাজে অধিকতর মনোযোগী হতে প্রেরণা জোগায়। সেই চিন্তা থেকে ব্যাংকিং সেবায় অসামান্য অবদানের জন্য কৃতী ব্যাংকার পুরস্কার প্রদানের কথা প্রাথমিকভাবে চিন্তা করা হয়। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এ ধরনের পুরস্কার প্রদানের ফলে ব্যাংকারদের মধ্যে একটি নতুন প্রাণের সঞ্চার হবে। ফলে ব্যাংকাররা আরও বেশি করে ব্যাংকিং সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে আগ্রহী হবেন।’এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আয় বুঝে ব্যয় করার মৌলনীতি মাথায় রেখে আমানত ও ঋণের কাঙ্ক্ষিত অনুপাত বজায় রাখার আহ্বান জানান গভর্নর।আতিউর রহমান বলেন, ‘দক্ষ ব্যাংকিং ব্যবস্থা এবং সুষ্ঠু মুদ্রানীতির কারণে চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমরা আমাদের অর্থনীতিকে সঠিকভাবে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হয়েছি। সুদের হার, টাকার মূল্যমান ও ব্যাংক পরিচালনা সব ক্ষেত্রেই ধীরে ধীরে স্থিতি ফিরে আসছে।’ তিনি বলেন, কৃতী ব্যাংকার পুরস্কার ব্যাংকিং খাতের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করবে।