কৃত্রিম উপগ্রহের জন্য রুশ অরবিটাল স্লট ইজারা
দেশে প্রথম নিজস্ব কৃত্রিম উপগ্রহ তৈরি করতে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ’ শীর্ষক প্রকল্পের জন্য রাশিয়ার কাছ থেকে অরবিটাল স্লট ইজারা নিচ্ছে সরকার। রাশিয়ার ইন্টারস্পুটনিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব স্পেস কমিউনিকেশনস নামক প্রতিষ্ঠান থেকে এ ইজারা নেওয়া হচ্ছে।
সচিবালয়ে গত বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকশেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ‘শুধু অরবিটাল স্লট ইজারা নিতে মূল্য সংযোজন কর (মূসক) ও কর ছাড়া ব্যয় হবে দুই কোটি ৮০ লাখ ডলার (ডলার ৭৮ টাকা হিসেবে ২১৮ কোটি টাকা)।’
প্রকল্পটি সাড়ে তিন মাস আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদিত হয়—যার বাস্তবায়ন ব্যয় দুই হাজার ৯৬৮ কোটি টাকা। প্রকল্পের ৪৪ শতাংশ নিজস্ব অর্থায়নে হবে। বাকিটার জন্য নেওয়া হবে বৈদেশিক ঋণ। প্রকল্পের বাস্তবায়নকাল তিন বছর অর্থাৎ এ বছরের গত ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত।
বৈঠকসূত্র জানায়, নিজস্ব কৃত্রিম উপগ্রহ চালু হলে তরঙ্গ সমন্বয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশসহ ইন্দোনেশিয়া, ফিলিপাইন ইত্যাদি দেশের অংশবিশেষ বাংলাদেশের কাভারেজের আওতায় আসবে। এতে বাণিজ্যিকভাবে লাভবান হবে বাংলাদেশ।
জানা গেছে, দেশে স্যাটেলাইটের চাহিদা বাড়ছে। বহির্বিশ্বের বিভিন্ন স্যাটেলাইট অপারেটরের কাছ থেকে ভাড়া নিতে বছরে ব্যয় হচ্ছে গড়ে এক কোটি ৪০ লাখ ডলার। আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছর দেশের টেলিযোগাযোগ খাতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা মিটিয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা অব্যাহত রাখার স্বার্থেই নিজস্ব কৃত্রিম উপগ্রহ জরুরি।
মোস্তাফিজুর রহমান আরও জানান, বৈঠকে দেশের তৃতীয় সমুদ্র বন্দর (পায়রা বন্দর) নির্মাণের কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষা যাচাইয়ে আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের একটি এবং ৫০ হাজার টন গম কেনার আরেকটি প্রস্তাব অনুমোদিত হয়। পায়রা বন্দরের কাজ পেয়েছে যুক্তরাজ্যের এইচ আর ওয়ালিংফোর্ড নামক একটি প্রতিষ্ঠান। এতে ১৮ কোটি ৩৭ লাখ টাকা খরচ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালীর রাবনাবাদ চ্যানেলে পায়রা বন্দর নির্মাণকাজের উদ্বোধন করেন। আর ৫০ হাজার টন গম কেনার কাজ পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান ইমপেক্স কনসালটেন্টস। প্রতি টন ২৮০ দশমিক ৮৭ ডলার হিসাবে এতে ব্যয় হবে ১১১ কোটি টাকা।