কৃত্রিম সংকটে নিত্যপণ্যের দাম বাড়ছে
কৃত্রিম সংকট তৈরি করে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। দ্রুত পদক্ষেপ না নিলে দাম আরও বাড়তে পারে বলে তাঁদের আশঙ্কা। এ ছাড়া আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক) বাড়ানোর কারণেও পণ্যের দাম বাড়ছে বলে দাবি কিছু ব্যবসায়ীর।
আমদানিকারকদের অতি মুনাফা উঠিয়ে নেওয়ার প্রবণতার কারণেও নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মনে করছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এ ক্ষেত্রে বাজার পর্যবেক্ষণ, আইনগত ব্যবস্থা বা বাজারে হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করে তারা। তবে বাজারে পণ্যের এ মূল্যবৃদ্ধি সাময়িক বলছে বাণিজ্য মন্ত্রণালয়। আসছে ঈদে পণ্যমূল্য স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে তারা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, চলতি সপ্তাহে কিছুটা চড়া রসুন, আদা, সয়াবিন তেল, পাম তেলের দাম। সপ্তাহের ব্যবধানে ভালো মানের দেশি ও আমদানি করা রসুনের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২০০ টাকায়। গেল সপ্তাহে দেশি রসুনের দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। আর আমদানি করা রসুনের দাম ছিল ১৭০ থেকে ১৯০ টাকা।
বাজারে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে আদার দাম বেড়েছে ২০ টাকা। বিক্রি হচ্ছে ৭০ থেকে ১২০ টাকায়। গেল সপ্তাহে প্রতি কেজি আদার দাম ছিল ৫০ থেকে ১২০ টাকা। সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে দুই টাকা। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকায়।
কেজিতে পাঁচ টাকা বেড়েছে পাম তেলের দাম। বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকায়। গেল সপ্তাহে খোলা পাম তেলের দাম ছিল ৬৫ থেকে ৬৮ টাকা। বেড়েছে বোতলজাত পাম তেলের দামও। চলতি সপ্তাহে বোতলজাত পাম তেল বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৫ টাকায়। গেল সপ্তাহে বোতলজাত পাম তেলের দাম ছিল ৬৮ থেকে ৭০ টাকা।
খিলগাঁওয়ের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, বাজারে রসুনের দাম দেখে দুদিন না কিনেই ফিরে এসেছেন তিনি। মতিঝিলের বাসিন্দা স্বপ্না বেগম জানান, মূল্যবৃদ্ধির আশঙ্কায় গতকাল আগামী দুই মাসের জন্য সয়াবিন তেল কিনেছেন তিনি।
তবে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতিবছরই কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদা কম থাকায় দাম কমে ব্রয়লার মুরগির।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানান, খুচরা পর্যায়ে আদা ও রসুনের দাম বেড়েছে। তবে পাইকারি পর্যায়ে এসব পণ্যের দাম তেমন বাড়েনি। তাঁর মতে, বাজারে চাহিদার তুলনায় পণ্যের জোগান কিছুটা কম থাকায় বিভিন্ন ধরনের তেলের দাম বেড়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরই মসলার দাম কিছুটা বাড়ে। মসলার চাহিদা বেশি থাকায় আমদানিমূল্য বেড়ে যায়।
বাংলাদেশ টিসিবি ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমেদ বলেন, আমদানি করা পণ্যে মিলাররা দাবি করছেন ভ্যাট বেড়েছে। তাই দাম বাড়ছে। যেমন আমদানি করা আদা রসুনের দাম বেড়েছে। তবে অন্যান্য পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশের বাজারে দাম বেশি হারে বেড়েছে। দ্রুত বাজার পর্যবেক্ষণ প্রয়োজন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ঢাকা ও চট্টগ্রামের কিছু ব্যবসায়ী মিল মালিকদের সঙ্গে যোগসাজশে পণ্য মজুত করে রেখেছেন। তাঁরাই কৃত্রিম সংকট তৈরি করছেন বাজারে। তাই তেলের দাম বাড়ছে। এ বিষয়ে পদক্ষেপ না নিলে দাম আরও বাড়তে পারে। বাণিজ্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তাঁরা।
এ বিষয়ে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, দেশে যেসব পণ্য আমদানি করা হয়, সেসব পণ্যের আমদানিকারকের সংখ্যা কম। ফলে ওরা বাজারটাকে ভাগ করে নিয়ে অতি মুনাফা করছে। এসব ক্ষেত্রে বাজারে প্রতিযোগিতার অভাব দেখা যাচ্ছে। সরকারের পর্যবেক্ষণ (মনিটরিং) প্রয়োজন। ক্ষেত্রবিশেষে আইনগত ব্যবস্থাও নিতে হবে। এ ছাড়া সরকারি পদক্ষেপ অনুযায়ী টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা যেতে পারে।
তবে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, বর্তমান বাজারে যে কিছু পণ্যের দাম বেড়েছে, তা খুবই সাময়িক। বাজার স্থিতিশীল রাখতে কাজ করা হচ্ছে। বাজারের পুরো সরবরাহব্যবস্থার ওপর পর্যবেক্ষণ আছে বাণিজ্য মন্ত্রণালয়ের। মূলত, বর্ষা মৌসুম বলে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। ঈদের আগে মসলা বা অন্যান্য পণ্যের দাম বাড়বে না।