দেশের চাহিদা অনুযায়ী পেঁয়াজের উৎপাদন বাড়াতে সারা বছরই পেঁয়াজ চাষ করা যায়—এমন প্রযুক্তি উদ্ভাবন করতে কৃষি মন্ত্রণালয়কে পরামর্শ দেবে বাণিজ্য মন্ত্রণালয়।
পেঁয়াজের আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করে এসব কথা বলেছেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্যসচিব বলেন, দেশি নতুন পেঁয়াজ বাজারে আসতে এক থেকে দেড় মাস সময় লাগবে। এ সময়ে বাজারে যেন পেঁয়াজের সংকট না হয়, কিংবা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি না হয়, সে জন্য ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। পেঁয়াজ নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়, তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে পেঁয়াজের দাম বাড়ানোর প্রমাণ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় তিন অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, মনোজ কুমার রায় ও অমিতাভ চক্রবর্তী, টিসিবির চেয়ারম্যান সারওয়ার জাহান তালুকদার, প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞাসহ পেঁয়াজের আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীরা জানিয়েছেন, পেঁয়াজ আমদানি ও বাজারজাতকরণে কোনো সমস্যা নেই। ভারতে দাম বেশি হওয়ায় দেশেও পেঁয়াজের দাম বেশি। তবে মিয়ানমার, চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।
বাণিজ্যসচিব জানান, শুধু ভারতের ওপর নির্ভরশীল না থেকে অন্য দেশ থেকেও পেঁয়াজ আমদানি করতে হবে। ব্যবসা-বাণিজ্যের সুবিধার জন্য মিয়ানমারের সঙ্গে ব্যাংকিং চ্যানেলে লেনদেনের জটিলতা দূর করতে শিগগিরই দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়ন সভায় আলোচনা করা হবে। দেশে চাহিদা অনুযায়ী পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে।
বাণিজ্যসচিব আরও বলেন, পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবি ট্রাকে বিক্রি কার্যক্রম চালিয়ে যাবে। আমদানিকারকদেরও দেশের চাহিদামতো পেঁয়াজ আমদানি করতে হবে।
মুড়িকাটা পেঁয়াজ যেন খাওয়ার পেঁয়াজ হিসেবে বাজারে বিক্রি না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্যসচিব।