কৃষক ও খামারিদের জন্য ঋণসুবিধা নিয়ে এল ব্র্যাক ব্যাংক ও জাগরণী চক্র
ব্র্যাক ব্যাংক ও জাগরণী চক্র দেশের তৃণমূল পর্যায়ের কৃষক এবং দুগ্ধ, পোলট্রি, মৎস্য ও পশু খামারিদের জন্য ঋণসুবিধা নিয়ে এসেছে। এর পাশাপাশি শস্য উৎপাদন, বায়োগ্যাস, ফলের বাগান, পানের বরজ ও অন্যান্য কৃষিজাত পণ্যের উদ্যোক্তারাও তাঁদের ব্যবসায় সম্প্রসারণের জন্য এই ঋণসুবিধা পাবেন। এ ব্যাপারে ব্র্যাক ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশন সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় জাগরণী চক্র ফাউন্ডেশনকে ১০ কোটি টাকা ঋণ প্রদান করবে ব্র্যাক ব্যাংক। যা কৃষক ও কৃষি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের প্রধান সৈয়দ ফরিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।