কৃষক দাম না পেলে প্রবৃদ্ধিও বাড়ে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অর্থনীতি টিকিয়ে রাখছেন কৃষক, পোশাক ও প্রবাসী শ্রমিকেরা। এঁদের মধ্যে এখন সবচেয়ে খারাপ আছেন কৃষকেরা। আবারও বাম্পার ফলন ফলিয়ে এখন উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষক। তবে কৃষকের এই বিপদ যে তাঁদের একার, তা কিন্তু নয়। কৃষকেরা ন্যায্যমূল্য না পাওয়ায় দীর্ঘ মেয়াদে তা অর্থনীতির জন্য অশনিসংকেত হিসেবেই দেখছেন অর্থনীতিবিদেরা।
বাংলাদেশ ব্যাংক এবং পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যে বছর কৃষক ফসলের ভালো দাম পান না, সেই বছর দেশের সামগ্রিক অর্থনীতিও ভালো যায় না। দেশের কৃষি খাতের প্রবৃদ্ধি যে বছর বাড়ে, সেই বছর মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়ে। কৃষকের হাতে টাকা এলে তা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনে।
চালের দর কমায় খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকছে ঠিকই, তবে এতে কৃষি খাতে প্রবৃদ্ধির পরিমাণও কমে আসছে। মোট দেশজ উৎপাদনের পরিমাণও (জিডিপি) কমে আসছে। ধান উৎপাদনের সঙ্গে জড়িত দেশের দেড় কোটি কৃষক পরিবারের আয় কমে আসায় তাদের জীবনযাত্রার মানও কমে যাচ্ছে।
কৃষির এ রকম এক পরিস্থিতির মধ্যেই নতুন বাজেট দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ক্রেতার হাসি আর কৃষকের টিকে থাকার মধ্যে সমন্বয় করাটাই হবে বাজেটে অর্থমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ।
অর্থনীতিবিদেরা বলছেন, সরকার ধান-চাল সংগ্রহ সঠিক সময়ে না করায় চালের দাম কমছে অনিয়ন্ত্রিতভাবে। এর সঙ্গে ভারত থেকে আমদানি করা চাল যোগ হওয়ায় চালের দাম প্রতি সপ্তাহেই কমছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে প্রতি সপ্তাহে মোটা চালের দর ৪ শতাংশ করে কমছে।
বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসাবে, ধানের দাম কমায় সবচেয়ে বিপদে আছেন দেশের ৭০ লাখ বর্গাচাষি। জমির মালিক অগ্রিম টাকা পেলেও বর্গাচাষিরা এখন ফসল বেচে সেই টাকা জমি থেকে তুলতে পারছেন না। দুই বছর ধরে ধারাবাহিকভাবে ধানের দাম কম হওয়ায় বর্গাচাষিরা আর আগের মতো ধান চাষে উৎসাহ পাবেন না, যা গ্রামীণ অর্থনীতির জন্য অশনিসংকেত।
ব্র্যাকের উপদেষ্টা ও অর্থনীতিবিদ মাহবুব হোসেন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে দেশে ফসলের উৎপাদন এবং কৃষি খাতে প্রবৃদ্ধি রেকর্ড পরিমাণ বেড়েছিল। ২০১২ সালে এসে ধানের দাম কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষি খাতের প্রবৃদ্ধিও কমে আসে। সরকারের নানা উদ্যোগ এবং আন্তর্জাতিক বাজারে সমর্থন থাকায় ২০১৩ সালে ওই সংকট কাটিয়ে উঠলেও গত বছর থেকে ধানের দাম কমে যাওয়াটা আশঙ্কাজনক জায়গায় চলে গেছে। তাই এ বছর কৃষি খাতে প্রবৃদ্ধির পরিমাণ গত বছরের চেয়ে ১ শতাংশ কমে ৩ শতাংশে নেমে আসবে বলে তিনি মনে করেন।
পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০০৮-০৯ সালে বার্ষিক প্রবৃদ্ধিতে কৃষির অংশ ছিল ২২ শতাংশ। ২০০৯-১০ সালে তা কমে ১৮ দশমিক ৩৬ শতাংশ এবং ২০১৩-১৪ তে তা আরও কমে ১৬ দশমিক ৩৩ শতাংশে নেমে আসে। চলতি অর্থবছরে তা আরও কমে ১৫ শতাংশে নামতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ বছর প্রতি মণ বোরো ধান উৎপাদন করতে কৃষকের খরচ হয়েছে ৬৫০ থেকে ৭০০ টাকা। আর বাজারে ওই বোরো বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকায়। সেই হিসাবে প্রতি মণ ধান বেচে কৃষকের লোকসান ২৫০ টাকা।
পয়লা মে থেকে খাদ্য বিভাগ কাগজে-কলমে ১০ লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহ শুরু করেছে। অবরোধ-হরতাল বা বৈরী আবহাওয়া নেই। তার পরেও প্রথম ২৬ দিনে মোট সংগ্রহ ৩৮ হাজার ৫৩৭ টন চাল। এই এক মাসে ধান-চালের দাম বাড়েনি, বরং আরও কমেছে। সারা দেশে প্রতি মণ ধান ৪২০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মনে করেন, সরকার প্রতি মণ ধানের সংগ্রহমূল্য ৮৮০ টাকায় নির্ধারণ করেছে কৃষকের স্বার্থের কথা চিন্তা করে। সংগ্রহ অভিযান ভালোমতোই চলছে। প্রথম আলোকে তিনি আরও বলেন, কিছু কিছু জায়গায় সংগ্রহ ধীরগতিতে চলছে। এই সপ্তাহের মধ্যে তা ঠিক হয়ে যাবে। এতে কৃষক ধানের ভালো দাম পাবেন।