কৃষকদের পুরস্কৃত করবে স্ট্যানচার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি খাতের উন্নয়নে কাজ করছেন, এমন কৃষক ও কৃষি প্রতিষ্ঠানকে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)। এ আয়োজনে তাদের সঙ্গী বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ পুরস্কার তুলে দেবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট পাঁচটি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হবে। ব্যক্তিপর্যায়ে বছরের সেরা কৃষক (পুরুষ ও নারী) বিভাগে দুটি পুরস্কার দেওয়া হবে। বাকি তিনটি পুরস্কার দেওয়া হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে। কৃষি খাতে নতুন উদ্ভাবন, সেরা সহযোগী শিল্প ও সেরা কৃষিপণ্য রপ্তানির জন্য এই তিনটি পুরস্কার দেওয়া হবে। ব্যক্তিগত পর্যায়ে বিজয়ী কৃষকদের সনদ ও ক্রেস্টের পাশাপাশি ২৫ হাজার টাকার চেক দেওয়া হবে। তবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিজয়ী প্রতিষ্ঠানগুলো কোনো আর্থিক পুরস্কার পাবে না। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী।