কৃষকেরা ঋণ পাবেন ৯ শতাংশ সুদে
কৃষি ও পল্লি ঋণের সুদের হার আরেক দফায় কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এখন থেকে মাত্র ৯ শতাংশ সুদে ঋণ পাবেন কৃষকেরা। আগামী ১ জুলাই থেকে এ হার কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এত দিন ব্যাংকগুলো কৃষি ও পল্লি ঋণে ১০ শতাংশ হারে সুদহার আরোপ করত। গত বছরের জুনে কৃষিঋণের সুদের হার কমিয়ে ১০ শতাংশ করা হয়। তার আগে জানুয়ারি থেকে সুদের হার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ শতাংশ হারে ঋণ নিয়েছে ব্যাংকগুলো। ২০১১ সালের ৯ মার্চ থেকে কৃষিঋণের বিপরীতে সর্বোচ্চ সুদের হার ১৩ শতাংশ বহাল ছিল।
ব্যাংকগুলোর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, কৃষি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি ও প্রকৃত কৃষকের কাছে ঋণ সহজলভ্য করার লক্ষ্যে অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লি ঋণে ৯ শতাংশ সুদের হার পুনর্নির্ধারণ করা হলো।