দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি) আগামী বছরগুলোতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে অধিক গুরুত্ব দেবে। একই সঙ্গে ভোক্তা পর্যায়ে ও কৃষিতে অধিক হারে ঋণ দেবে ব্যাংকটি।গতকাল মঙ্গলবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া এসব কথা বলেন। গতকাল ইউসিবি ২৭ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে ব্যাংকের চারজন উপব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মামুন-উর-রশীদ, মির্জা মাহমুদ রফিকুর রহমান ও মো. শাহেদ জালাল চৌধুরী উপস্থিত ছিলেন।এম শাহজাহান ভূঁইয়া বলেন, ইউসিবি দেশের জনগণের ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে আগ্রহী। যদিও অতীতের কিছু কর্মকাণ্ডের কারণে ব্যাংকের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে হতে পারেনি। তিনি আরও বলেন, ইতিমধ্যে ব্যাংকের বকেয়া পাঁচটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করা হয়েছে। অচিরেই আরও তিনটি এজিএম সম্পন্ন করা হবে। এ ছাড়া বিগত তিন বছরের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।শাহজাহান ভূঁইয়া বলেন, ইতিমধ্যে দেশের বড় বড় করপোরেট প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করেছে। তাই ইউসিবি প্রাতিষ্ঠানিক ঋণের চেয়ে এসএমই খাত, ভোক্তা পর্যায়ে ব্যাংকিং ও কৃষি খাতে অধিক হারে ঋণ দেবে। এ ছাড়া অচিরেই ইউসিবি মার্চেন্ট ব্যাংকিং চালু করবে। চলতি বছর ব্যাংকের মুনাফা ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও তিনি জানান।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান বলেন, ১৯৮৩ সালের ২৯ জুন যাত্রা শুরু করে ইউসিবি। তারপর হাঁটি হাঁটি পা পা করে ২৭ বছর পূর্ণ করেছে। প্রায় তিন দশক ধরে কাজ করা এ ব্যাংকটি দেশের প্রথম সারির ব্যাংকগুলোর তালিকায় স্থান করে নিয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে ব্যাংকের ১০০টি শাখা, আড়াই হাজার কর্মী ও পাঁচ লাখের বেশি গ্রাহক রয়েছেন। বর্তমানে ব্যাংকের আমানতের পরিমাণ নয় হাজার কোটি টাকা। আর মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। চলতি বছরের জুন পর্যন্ত পরিচালন মুনাফা ২২৫ কোটি টাকা, যা গত দুই বছরের তুলনায় দ্বিগুণ।ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আরও জানান, ইউসিবি চলতি বছরের মধ্যে দুটি এসএমইসহ মোট ১০টি শাখা চালু করবে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকিং ছাড়াও পল্লি শাখা খোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ব্যাংকের ১১টি এটিএম বুথ রয়েছে। ব্যাংক আরও ১০০টি এটিএম বুথ চালু করার পরিকল্পনা নিয়েছে।