প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেটে কৃষি খাতের সমস্যা সরকারের উপলব্ধিতে এলেও বরাবরের মতোই উপেক্ষিত থেকে গেছে কৃষি উপখাতগুলো। বাজেটে মৎস্য, পশুসম্পদ ও দুগ্ধশিল্প একেবারেই দৃষ্টির আড়ালে রয়ে গেছে। অথচ খাদ্য ও পুষ্টি প্রশ্নে এই উপখাতগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কৃষি খাতের প্রাপ্তি-অপ্রাপ্তি মূল্যায়ন বিষয়ে চ্যানেল আইয়ের কৃষি কার্যক্রম ‘হূদয়ে মাটি ও মানুষ’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বক্তব্য তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রস্তাবিত বাজেটে কৃষি খাত এবং কৃষির প্রয়োজনেই পানিসম্পদ ও পল্লি উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার কোটি টাকার। সব মিলিয়ে বরাদ্দটা ভালোই। কিন্তু বরাদ্দই শেষ কথা নয়।সঠিক কৌশল ও পরিকল্পনার জায়গায় গুরুত্ব কম থাকায় একদিকে সাধারণ কৃষকেরা বরাদ্দের সুফল পান না, অন্যদিকে অনিয়ম, অপচয় ও দুর্নীতির সুযোগ তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, অনিয়মের সর্বশেষ শিকার বোরো মৌসুমে দেশের হাওরাঞ্চল। শাইখ সিরাজ বলেন, দিন দিন ফসল উৎপাদনের পরিবেশ বৈরী হয়ে উঠছে। কমছে মাটির উর্বরতা ও বীজের উৎপাদনক্ষমতা। লবণাক্ততা, খরা আর বন্যা তো আছেই। এত সমস্যা বিদ্যমান থাকলেও ভবিষ্যতের কোনো গঠনমূলক পরিকল্পনা বাজেটে স্পষ্ট নয়। সরকারকে তাই বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের দিকেও কঠিন দৃষ্টি রাখতে হবে।এতে আরও জানানো হয়, হূদয়ে মাটি ও মানুষের পক্ষ থেকে গত পাঁচ বছরে ২৩টি অধিবেশনের মাধ্যমে কৃষকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করা হয়েছে। মন্ত্রী, স্থানীয় প্রশাসন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, অর্থনীতিবিদসহ দেশের বিভিন্ন জেলার প্রান্তিক পর্যায়ের ৩৫ হাজার কৃষক এতে উপস্থিত ছিলেন। এবারের বাজেটের আগেও মূল কৃষি, কৃষিনীতি ও কৃষি উপখাতের জন্য ৪৪ দফা সুপারিশমালা দেওয়া হয় সরকারকে। এর মধ্যে নদীখনন ও ভূউপরিস্থ পানির উৎস, খাদ্যশস্যের গুদাম, রোগবালাই দমনে জৈবপদ্ধতির ব্যবহার বৃদ্ধি এবং শস্যবিমা চালুর উদ্যোগসহ মূল কৃষির ১৩টি দফা বাজেট প্রস্তাবে এসেছে। এতে আরও বলা হয়, তবে বাজেট প্রস্তাবনায় সবচেয়ে উপেক্ষার শিকার হয়েছে মৎস্য, পোলট্রি, প্রাণিসম্পদ ও দুগ্ধশিল্প। মৎস্য খাতকে কৃষির উপখাত ঘোষণা করা হলেও আজ পর্যন্ত উপখাত হিসেবে মূল্যায়ন পায়নি। মৎস্যখামারিদের ভূমিকর দিতে হয় শিল্পপ্রতিষ্ঠান হিসেবে আর বিদ্যুৎ বিল দিতে হয় বাণিজ্যিক হারে। শাইখ সিরাজ বলেন, ৫০ লাখ মানুষের কর্মসংস্থানের পোলট্রি খাত ১০০ কোটি টাকা প্রণোদনা চেয়েও পায়নি। দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য চিংড়িশিল্প নিয়েও কোনো দিকনির্দেশনা নেই বাজেটে। অন্যদিকে গুঁড়ো দুধ আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করা হয়েছে, যা বিপর্যয়ের মধ্যে ফেলেছে দুগ্ধখামারিদের। শাইখ সিরাজ বলেন, ‘মাংস ও দুধ উৎপাদন বাড়ানোর জন্য খামারিদের প্রণোদনা-সহায়তা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে। কিন্তু গুঁড়ো দুধ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব গাছের গোড়া কেটে ওপরে পানি ঢালার মতোই ব্যাপার।’