কৃষি ও এসএমই ঋণ বিতরণ করতে চায় সমবায় সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় অধিদপ্তর নিবন্ধিত সমিতিগুলো কৃষি ও এসএমই খাতের ঋণ বিতরণ করতে আগ্রহী। এ জন্য তারা তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে চুক্তি করতে চায়। এর মাধ্যমে তাদের নিবন্ধিত সমিতিগুলো ব্যাংকের ঋণসেবায় মনোযোগী হতে চায়।
আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর সমন্বয় সভায় গতকাল এসব প্রস্তাব দিয়েছে সমবায় অধিদপ্তর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আলোচনা হয়। এ জন্য মোবাইল সিমের একটি ডেটাবেইস তৈরির জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে পরামর্শ দেয় সব নিয়ন্ত্রক সংস্থা, যা দিয়ে মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলতে এজেন্টদের এ ডেটাবেইস ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব করে বাংলাদেশ ব্যাংক।
গতকালের সভায় আলোচনা হয়, প্রত্যন্ত অঞ্চলে শাখা নেই এমন ও বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলো বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) মাধ্যমে কৃষি ও এসএমই ঋণ বিতরণ করছে। একই পদ্ধতিতে ব্যাংকের ঋণ বিতরণে আগ্রহী সমবায় অধিদপ্তর নিবন্ধিত সমিতিগুলো। তারা বলছে, এর মাধ্যমে দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে। ব্যাংকিং সেবা থেকে বঞ্চিতরা ব্যাংকের সেবার আওতায় আসছে। দেশে আর্থিক কর্মকাণ্ড বাড়বে। গতকাল এমন প্রস্তাব দিলে বাংলাদেশ ব্যাংক তা পরীক্ষা-নিরীক্ষা করে বিবেচনার আশ্বাস দেয়।
এ ছাড়া শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা গণনায় মিউচুয়াল ফান্ডের হিসাবায়ন নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদের লিখিত প্রস্তাব দিতে বলা হয়।
সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, সমবায় অধিদপ্তরের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। বিষয়টি পরে চূড়ান্ত হবে।
গতকালের সভায় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, সমবায় অধিদপ্তর, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।