কৃষি ও ক্ষুদ্রঋণের বিপরীতে সঞ্চিতির পরিমাণ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ও ক্ষুদ্রঋণের বিপরীতে আমানতের নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) হিসাবে ব্যাংকগুলোর অর্থ সংরক্ষণের হার কমানো হয়েছে।
এখন থেকে এসব খাতে ১০০ টাকার ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে আড়াই টাকা করে প্রভিশন রাখতে হবে। এর আগে এসব খাতের ঋণে পাঁচ টাকা করে সাধারণ প্রভিশন সংরক্ষণ করতে হতো।
এর ফলে ব্যাংকগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে অতিরিক্ত কিছুটা সুবিধা পাবে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত নির্দেশ ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।
যোগাযোগ করা হলে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নূরুল আমিন প্রথম আলোকে বলেন, এটা ইতিবাচক সিদ্ধান্ত ও ব্যাংকগুলোর জন্য সুবিধা হয়েছে। তিনি বলেন, ‘এতে ব্যাংকগুলো আরও একটু বেশি অর্থ ঋণ হিসাবে বিতরণ করতে পারবে।’
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বলা হয়েছে, কৃষি ও ক্ষুদ্রঋণ বিতরণে ব্যাংকগুলোকে উৎসাহ দিতে সাধারণ প্রভিশনের হার কমানো হয়েছে। তবে এসব খাতের নিম্নমান ও সন্দেহজনক পর্যায়ে শ্রেণীকৃত ঋণের বিপরীতে আগের মতোই ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হবে। আর মন্দ বা ক্ষতিজনক মানের খেলাপি ঋণের বিপরীতে ১০০ ভাগ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসারে বিতরণ করা সব ধরনের ঋণকে চার ভাগে শ্রেণীকরণ করা হয়। এগুলো হলো অশ্রেণীকৃত, নিম্নমান, সন্দেহজনক এবং মন্দ বা ক্ষতি। স্বল্প সময়ের কোনো কৃষি বা ক্ষুদ্রঋণ নির্ধারিত সময়ের মধ্যে আদায় না হয়ে ১২ মাস অতিক্রান্ত হলে তা নিম্নমান পর্যায়ে শ্রেণীকৃত হবে। ৩৬ মাস পর্যন্ত আদায় না হলে সন্দেহজনক ও ৬০ মাস আদায় না হলে মন্দ বা ক্ষতি মানে ঋণটি শ্রেণীকৃত হবে। প্রতিবছর ব্যাংকগুলোর মুনাফা থেকে শ্রেণীকৃত ঋণের বিপরীতে নির্ধারিত হারে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হয় আমানতের নিরাপত্তা হিসাবে।