কৃষি ও জলবায়ু উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাত ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতের বিষয়টি উপেক্ষিত হয়েছে।পাশাপাশি বাজেটের বিন্যাস এমন হয়েছে, যা বাস্তবায়ন করা হলে আয় ও শ্রেণীবৈষম্য বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।গতকাল শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চারটি সংগঠন এ অভিমত প্রকাশ করেছে। সংগঠনগুলো হলো লা-ভিয়া ক্যাম্পেসিনা বাংলাদেশ, কৃষক ফেডারেশন, ইক্যুইটিবিডি ও ভয়েস।সংবাদ সম্মেলনে বলা হয়, বাজেটে জলবায়ু অভিযোজনে সমন্বয়হীনতা লক্ষ করা গেছে। কৃষি খাত অর্থনীতির প্রধান খাত হওয়ার পরও এখানে ভর্তুকি কমানো হয়েছে। এ ছাড়া বাজেটে রাষ্ট্রের সুষম বণ্টনব্যবস্থায় গুরুত্ব কম দেওয়ার কারণে তা গরিব মানুষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলোর প্রকৃত আয় কমিয়ে দিতে পারে।সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ইক্যুইটিবিডির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী। বক্তব্য দেন একই সংগঠনের সৈয়দ আমিনুল হক, ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন, লা-ভিয়া ক্যাম্পেসিনার বদরুল আলম ও কৃষক ফেডারেশনের জায়েদ ইকবাল খান।বক্তারা দেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে, সিডর ও আইলা উপদ্রুত এলাকায় বিশেষ কৃষি বাজেট বরাদ্দের দাবি জানান।তবে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর উপস্থাপিত জেলা বাজেটের ধারণাপত্রের প্রশংসা করা হয় এবং প্রত্যাশা করা হয় যে এটা প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে। বক্তারা সরকারের প্রেক্ষিত ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার একটি অংশগ্রহণমূলক পথনকশাও দাবি করেন।বক্তারা আরও বলেন, শিক্ষা খাতে সরকারি বরাদ্দ নিরপেক্ষ ও কার্যক্রমভিত্তিক হওয়া উচিত। শিক্ষার মান নিশ্চিতকরণে তৃণমূলে দায়বদ্ধতা সৃষ্টি করা না হলে এ খাতে অতিরিক্ত বরাদ্দ বরং দুর্নীতির অবকাশ তৈরি করতে পারে।