কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছর দেশের কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধির হার কমে যেতে পারে বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ।

প্রতিষ্ঠানটির চলতি মাসের ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি ও শিল্প খাতে ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির ধারা বর্তমান আর্থিক বছরেও অব্যাহত থাকায় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় সংকোচন ঘটবে।
এতে বলা হয়েছে, কৃষি খাতে ২০০৯-১০ অর্থবছর থেকে ক্রমহ্রাসমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে এবং জিডিপিতে কৃষি খাতের অবদান কমে যাচ্ছে। একইভাবে ২০১০-১১ অর্থবছর থেকে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কমে যাওয়ার ধারা অব্যাহত রয়েছে। আর এই দুই প্রকৃত খাতের প্রবৃদ্ধির ক্রমহ্রাসমানতা দেশের জিডিপি প্রবৃদ্ধির হারকে সংকুচিত করছে।
উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি খাতে প্রবৃদ্ধির হার ২০০৯-১০ অর্থবছরের ৫ দশমিক ২৪ শতাংশ থেকে কমে ২০১০-১১, ২০১১-১২, ২০১২-১৩ অর্থবছরে যথাক্রমে ৫ দশমিক ১৩, ৩ দশমিক ১১ এবং ২ দশমিক ১৭ শতাংশে উপনীত হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে কৃষি খাতে প্রবৃদ্ধি কমে চলতি ২০১৩-১৪ অর্থবছরে ২ দশমিক ০৯ শতাংশে দাঁড়াতে পারে।
অন্যদিকে শিল্প খাতে প্রবৃদ্ধির হার ২০১০-১১ অর্থবছরের ৯ দশমিক ৪৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবছরে যথাক্রমে ৯ দশমিক ৩৭ ও ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়ায়। বর্তমান হ্রাসের ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধির হার কমে ৬ শতাংশ হতে পারে বলে মনে করে উন্নয়ন অন্বেষণ।
কৃষি ও শিল্প খাতের প্রবৃদ্ধির হার এভাবে কমে যাওয়ার প্রভাব পড়বে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারে।
উন্নয়ন অন্বেষণ বলছে, জিডিপি প্রবৃদ্ধির হার ২০১০-১১ অর্থবছরের ৬ দশমিক ৭১ শতাংশ থেকে কমে ২০১১-১২ অর্থবছরে ৬ দশমিক ২৩ শতাংশে এবং ২০১২-১৩ অর্থবছরে ৬ দশমিক ০৩ শতাংশে দাঁড়ায়। তবে চলতি অর্থবছরে এই হার গত এক দশকে অর্জিত প্রবৃদ্ধির গড় হার ৬ শতাংশের নিচে চলে যেতে পারে।
গবেষণা প্রতিষ্ঠানটির মতে, যথোপযুক্ত নীতিগত পদক্ষেপের অভাব, কৃষিজমি ক্রমাগত হ্রাস, নতুন প্রযুক্তির উদ্ভাবন, পরিবহন ও বিতরণের প্রকটতা এবং কৃষি খাতে যথাযথ গবেষণা ও প্রশিক্ষণের অপর্যাপ্ততা কৃষি খাতের প্রবৃদ্ধি কমিয়ে দিচ্ছে।
অন্যদিকে, শিল্প খাতের প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে গবেষণা প্রতিষ্ঠানটি অবকাঠামোর অপ্রতুলতা, পোশাক খাতের সাম্প্রতিক অস্থিরতা, দেশীয় বাজারের সীমিত আকার এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অনুন্নয়নকে চিহ্নিত করেছে।
উন্নয়ন অন্বেষণ নিয়মিত ভিত্তিতে বিশ্বাসযোগ্য পরিসংখ্যান জনসম্মুখে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করে বলেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘কোয়ান্টাম ইনডেক্স অব ইনডাস্ট্রিয়াল প্রডাকশন’-এর তথ্য মাসিক ভিত্তিতে প্রকাশের কথা থাকলেও ২০১৩ সালের নভেম্বর মাস থেকে তা প্রকাশ না করায় এ খাতের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা দুরূহ হয়ে পড়ছে।