দেশের কৃষি খাতে উন্নত প্রযুক্তি ব্যবহারে থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা বলেন, ‘কৃষি উৎপাদনে থাইল্যান্ডের সাফল্য ঈর্ষণীয়। এ খাতে থাইল্যান্ডের সহযোগিতা পেলে আমরাও অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে সক্ষম হব।’থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক মতবিনিময় সভায় বাংলাদেশের ব্যবসায়ীরা এ কথা বলেন। গতকাল বুধবার চট্টগ্রামের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। থাই বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সং সেক লিম্বা নায়েক। এতে সে দেশের ইস্পাত, বস্ত্র, প্রযুক্তি, পেট্রোলিয়াম ও প্লাস্টিক প্রভৃতি শিল্প খাতের ২৫ জন প্রতিনিধি রয়েছেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম সভাপতিত্ব করেন। এতে সফররত থাই বাণিজ্য প্রতিনিধিদলের নেতা সং সেক লিম্বা নায়েক, থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিংপ্যান্ট ছায়াভিচিতসিল্প, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, শফিউর রহমান, স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, এ কিউ আই চৌধুরী ও শিল্পপতি কামাল উদ্দিন বক্তব্য দেন। সভায় চেম্বারের নেতারা চট্টগ্রাম-ব্যাংকক পথে পুনরায় বিমানের ফ্লাইট চালু করা, থাই ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা এবং থাই ভিসাপ্রাপ্তি সহজ করার বিষয়ে জোর দেন। এ ছাড়া তাঁরা থাই প্রতিনিধিদলকে চট্টগ্রামের বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগসহ এখানে একটি আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলারও আহ্বান জানান। মোরশেদ মুরাদ ইব্রাহিম দুই দেশের চেম্বারের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন। মিংপ্যান্ট ছায়াভিচিতসিল্প বলেন, ‘একসময়ে বিবিসি বা সিএনএনের সংবাদচিত্রে প্রাকৃতিক দুর্যোগ ও নানা সমস্যা নিয়ে যে বাংলাদেশকে দেখানো হয়েছে, তার সঙ্গে বর্তমান বাংলাদেশকে মেলানো যাবে না। আমি নিজের চোখে দেখেই বলছি, এ দেশ অনেক সম্ভাবনার। থাইল্যান্ডের সঙ্গে এ দেশের প্রকৃতি ও সংস্কৃতির অনেক মিল রয়েছে। আমরা এ দেশে, বিশেষ করে, চট্টগ্রামের বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগে আগ্রহী। আমাদের প্রতিনিধিদলের সদস্যরা বিভিন্ন খাতের সম্ভাব্যতা যাচাই করে পারস্পরিক বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’এ ছাড়া মতবিনিময় সভার শুরুতে চট্টগ্রামের ঐতিহ্য এবং বাণিজ্যিক সম্ভাবনার ওপর একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনা তুলে ধরা হয়।