দক্ষিণ এশীয় মানব উন্নয়ন প্রতিবেদন-২০০৯
কৃষি খাতে বাণিজ্য উদারীকরণ বাংলাদেশের খাদ্যঝুঁকি বাড়াবে
কৃষি খাতে বাণিজ্য উদারীকরণ হলে বাংলাদেশে খাদ্যঝুঁকি আরও বাড়বে। একই সঙ্গে বাড়বে দারিদ্র্য ও আয়বৈষম্য। বিগত দশকে সীমিত মাত্রায় যেটুকু উদারীকরণ হয়েছে, তার ফলাফল হয়েছে নেতিবাচক এবং একই সময়ে বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যাও বেড়েছে।২০০৯ সালের দক্ষিণ এশীয় মানব উন্নয়ন প্রতিবেদনে এই চিত্রই তুলে ধরা হয়েছে। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল বৃহস্পতিবার এক সংলাপ অনুষ্ঠানে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিবেদনটির প্রণয়নকারী প্রতিষ্ঠান মাহবুবুল হক, হিউম্যান ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট খাদিজা হক, সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান। প্রতিবেদনের নানা দিক তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম। এবারের মানব উন্নয়ন প্রতিবেদনের মুখ্য প্রতিবাদ্য বিষয় ছিল ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও মানব উন্নয়নের সম্পর্ক’। এতে বলা হয়, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দোহা রাউন্ডের আলোচনা বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার দেশগুলো তা থেকে উপকৃত হবে। প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে যে উন্নত কৃষি খাতে দেশগুলোর ভর্তুকি দেওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলো এখনো ভোগান্তির মধ্যে আছে। অন্যদিকে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় একমাত্র ভারত ছাড়া আর কেউই সাফল্য দেখাতে পারেনি। অন্য দেশগুলোর সবাই খাদ্য আমদানিকারক দেশ।প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার জ্বালানিসংকট নিয়েও আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়া এখন পৃথিবীর উদীয়মান একটি অর্থনৈতিক অঞ্চল। কিন্তু এই অঞ্চলের সব দেশেই জ্বালানি ঘাটতি রয়েছে। এই অবস্থায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে এই ঘাটতি কমানো যেতে পারে বলে প্রতিবেদনটিতে মন্তব্য করা হয়েছে।প্রতিবেদনের নানা দিক সম্পর্কে আলোচনা করে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, কৃষিতে উদারীকরণে কৃষি উপকরণের দাম বাড়বে এবং একই সঙ্গে বাংলাদেশের কৃষকের প্রতিযোগিতাশীলতা কমবে। তিনি বলেন, উদারীকরণের চেয়ে নীতিনির্ধারকেরা যদি কৃষি খাতে প্রশাসনিক সহযোগিতা ও ভূমি সংস্কার বাস্তবায়ন করতে পারেন, তার ফলাফল ভালো হবে। একই সঙ্গে কৃষি গবেষণা ও উন্নয়নে সরকারের ব্যয় বাড়ানোর ওপরও জোর দেন তিনি। প্রতিবেদনে দেখানো হয়েছে, ১৯৬৫ সালে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ছিল ৪১ শতাংশ। ২০০৫ সালে তা কমে ১৯ শতাংশে নেমে এসেছে। কিন্তু জিডিপিতে কৃষি খাতের অবদান কমলেও শিল্প-উৎপাদন খাতের হিস্যা এবং শিল্প খাতে কর্মরত মানুষের সংখ্যাটি খুব একটা বাড়েনি।অধ্যাপক সেলিম রায়হান অবশ্য সমালোচনা করে বলেছেন, প্রতিবেদনে বেশির ভাগ অংশজুড়েই উন্নয়নশীল দেশ ভারত ও পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় আরও যে বেশ কয়েকটি স্বল্পোন্নত দেশ আছে, সেগুলোর দিকে বিশেষ একটা আলোকপাত করা হয়নি।