কৃষি খাতে সহায়তা অব্যাহত রাখার তাগিদ
শুধু রাস্তাঘাট নয়, মানবসম্পদ উন্নয়নের দিকেও নজর দিতে হবে। মোট দেশজ উত্পাদনে (জিডিপি) কৃষির অবদান দিন দিন কমলেও মোট কর্মসংস্থানের অর্ধেক এখনো কৃষি খাত থেকেই আসে। সুতরাং এ খাতে সহায়তা অব্যাহত রাখতে হবে।‘বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক অবস্থা: অর্থবছর ২০০৯-১০’ শীর্ষক সেমিনারে এমন অভিমত তুলে ধরা হয়েছে। গতকাল রোববার রাজধানীর স্থানীয় একটি হোটেলে সাংসদদের জন্য সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।জাতীয় সংসদদের ডেপুটি স্পিকার শওকত আলী এতে প্রধান অতিথি ছিলেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ। বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ছায়েদুল হক, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সাংসদ আলী আশরাফ প্রমুখ।আরও উপস্থিত ছিলেন সাংসদ এম কে আনোয়ার, এম এ মান্নান, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।মূল প্রবন্ধে বলা হয়, শিল্পের চেয়ে কৃষির উত্পাদনশীলতা কমলেও কর্মসংস্থানের বিচারে কৃষিই গুরুত্বপূর্ণ খাত। এ খাতে সহায়তা অব্যাহত রাখা দরকার।সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীর বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নেই। সুতরাং নজর দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্য, এ দুটি খাতে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগৃহীত অর্থের কোনো হিসাব পাওয়া যায় না। আর স্বাস্থ্য খাতে সরকার যা বিনিয়োগ করছে, সে তুলনায় জনগণ পাচ্ছে খুবই সামান্য।উন্নয়ন বাজেটের আকার মূল বাজেটের এক-তৃতীয়াংশেরও কম উল্লেখ করে তা কমপক্ষে ৪০ শতাংশে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।মহীউদ্দীন খান আলমগীর বলেন, প্রতিরক্ষা ব্যয় অযৌক্তিক হারে বাড়ানো হচ্ছে। উচিত হলো, যে হারে অভ্যন্তরীণ উত্পাদন বাড়ে, সে হারে তাদের ব্যয় বাড়ানো।পঞ্চবার্ষিক পরিকল্পনা মাথায় রেখে বাজেট প্রণয়ণের সুপারিশ করে তিনি বলেন, জিডিপিতে সেবা খাতের অবদান দুর্বলতার কারণ। বরং জোর দিতে হবে কৃষি ও শিল্পের প্রতি।ছায়েদুল হক বলেন, ‘২২ ডিসেম্বর থেকে বলে আসছি, অবৈধ অর্থের মালিকেরা চাল মজুদ করছে। তখন কেউই আমলে নেয়নি। খোলাবাজার কর্মসূচি (ওএমএস) চালুর পর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে।’আলী আশরাফ বলেন, গাড়ির মালিকেরা এক হাজার টাকা কর দিয়েই ক্ষান্ত। তারা আর কিছুই দেয় না, সরকারও আদায় করে না।ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, সম্পদওয়ালারা কর দেয় না, দেয় সাধারণ জনগণ। এর অবসান হওয়া দরকার।