কৃষি প্রক্রিয়াজাত পণ্য, মেলামিনের তৈজসপত্র দৈনন্দিন জীবনে প্রায় অপরিহার্য হয়ে গেছে। ফলের জুস, ড্রিংক, তরল দুধের কৃষি প্রক্রিয়াজাত পণ্য এখন মধ্যবিত্ত পরিবারের অংশ হয়ে গেছে। আবার মেলামিনের বাসন, বাটি, চামচসহ এসব তৈজসপত্রে বাড়ির গৃহিণীদের আগ্রহ বেশি। কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও মেলামিন শিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত হয়ে গেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। বাজেটে এসব পণ্য উৎপাদকেরা বাজেট থেকে কিছু সহায়তা আশা করেন। এই উৎপাদকদের দাবিদাওয়া নিয়ে এবারের আয়োজন।
কৃষি প্রক্রিয়াজাত পণ্য
কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে ২০ শতাংশ ভর্তুকির সুবিধা দেয় সরকার। আগামী ৩০ জুন এই ভর্তুকি-সুবিধার মেয়াদ শেষ হচ্ছে। এই সুবিধা আরও পাঁচ বছর বৃদ্ধি চান এই খাতের উদ্যোক্তারা। ২০২২ সালের জুন মাস পর্যন্ত ৩০ শতাংশ হারে ভর্তুকি চান তাঁরা। এর মানে হলো, যত টাকার পণ্য রপ্তানি হবে, ওই রপ্তানিমূল্যের ওপর ৩০ শতাংশের সমপরিমাণ অর্থ দেবে সরকার। ফলের জুস, ড্রিংক, আচার, চিপস, পাস্তরিত দুধ ইত্যাদি কৃষি প্রক্রিয়াজাত পণ্য।
কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে কৃষকেরাই সরাসরি উপকৃত হন। এটি বেশ ভালো কর্মসংস্থান সৃষ্টির খাতও বটে। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের দাবি, এই খাতের শিল্পপ্রতিষ্ঠানের মূলধনি যন্ত্রপাতির ওপর আরোপিত শুল্ক যেন পুরোপুরি উঠিয়ে নেওয়া হয়। বর্তমানে ১ শতাংশ হারে শুল্ক দিতে হয়। এ ছাড়া এই খাতের শিল্পপ্রতিষ্ঠানের ওপর করপোরেট করের হার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করার দাবিও জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তৈরি পোশাক খাতের পরই কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানির সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা এই খাতটি দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি খাত হিসেবে তৈরি করতে চাই। কেননা, একটি দেশের যে ঐতিহ্যবাহী কৃষিপণ্য আছে, সেগুলো ব্যবহার করেই দেশকে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানিও বেশ বাড়ছে। তাই সরকার যদি বাজেটে এই খাতকে সুবিধা দেয়, তাহলে এই খাত আরও এগিয়ে যাবে। এই খাতের সম্প্রসারণ হলে দেশের কৃষক ও খামারিরাই বেশি উপকৃত হবেন।
সূত্রে জানা গেছে, গত অর্থবছরে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার কৃষি প্রক্রিয়াজাত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। বাংলাদেশের আড়াই শ প্রতিষ্ঠানের কৃষি প্রক্রিয়াজাত করা পণ্য বিশ্বের ১৪২টি দেশে রপ্তানি হয়। কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে এমন পাঁচ শতাধিক প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় ৫০ হাজার মানুষ।
মেলামিন
মেলামিন শিল্পে কাঁচামাল ইউরিয়া মোল্ডিং, ইউরিয়া রেজিনস। এই কাঁচামাল দিয়ে মেলামিনের বাসন, বাটি, গ্লাস, কাপ-পিরিচ, চামচসহ হরেক রকম তৈজসপত্র তৈরি করা হয়। বর্তমানে এসব কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক ২৫ শতাংশ আরোপ করা আছে। মেলামিন উৎপাদকেরা এই আমদানি শুল্কের হার ৫ শতাংশে কমিয়ে আনার দাবি জানিয়েছেন।
মেলামিন পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, বাংলাদেশে ১০০টি মেলামিন পণ্য উৎপাদক প্রতিষ্ঠান আছে। প্রতিবছর গড়ে ২০ হাজার টন কাঁচামাল আমদানি করতে হয়। এর বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। অথচ স্থানীয়ভাবে চাহিদার ২ শতাংশ কাঁচামাল সরবরাহ করা সম্ভব হয় না। মেলামিন শিল্পে ৫০ হাজারের বেশি লোক কাজ করেন।
পাইপ
বিভিন্ন ধরনের পাইপ বাসাবাড়ি ও শিল্পকারখানার জন্য অত্যন্ত জরুরি একটি পণ্য। অতি প্রয়োজনীয় পানি পরিবহন ও সরবরাহের জন্য পাইপ, টিউব ও অন্যান্য যন্ত্রাংশ ব্যবহার করা হয়। এসব পণ্যে এখন ৩০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ আছে। বাংলাদেশ পাইপ ও টিউবওয়েল ব্যবসায়ী সমিতির দাবি, এসব পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হোক।
আট ইঞ্চি ব্যাসার্ধের পাইপ বাংলাদেশে উৎপাদন হয় না। এই পাইপ শিল্পকারখানায় ব্যবহৃত হয়। এই পাইপের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। এটা প্রত্যাহার চান এই খাতের ব্যবসায়ীরা। অন্যদিকে এ ধরনের মোটা পাইপের আমদানি শুল্ক ২৫ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণের দাবিও জানিয়েছেন তাঁরা।