কৃষি ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করবে
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ইসলামী ব্যাংকিং চালু করবে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাংকের ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য প্রকাশ করেন। এ সময় তিনি জানান, দেশের মানুষের চাহিদা অনুযায়ী অন্যান্য সেবার পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শ্রীমঙ্গলে চা-বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক গোকুল চন্দ্র রায়। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিলেট বিভাগের মহাব্যবস্থাপক সউদ আহমদ, নিরীক্ষা কর্মকর্তা এইচ এম আবদুল অদুদ, শাখা নিয়ন্ত্রণ ও ব্যবসা উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক এ টি এম আনিসুর রহমান ও মৌলভীবাজার অঞ্চলের নিরীক্ষা কর্মকর্তা মো. ছোলায়মান।সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের বড়লেখা শাখার ব্যবস্থাপক শাহেদুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক অগ্নিরুদ্ধ দাশ প্রমুখ।